ঈদ সামনে রেখে ছড়ানো হচ্ছে জাল নোট
ঈদুল ফিতর সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাটবাজারে ১০০০, ৫০০ ও ১০০ টাকার জাল নোট ছড়িয়ে পড়েছে। আসল-নকল বুঝতে না পেরে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন। নকল টাকায় মালামাল বিক্রি করে বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
শহরের বাসস্ট্যান্ড এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই এলাকায় ১৬ অক্টোবর বিকেলে পাঁচটি মুরগি বিক্রি করতে আসেন সদর উপজেলার কালিতলা গ্রামের সলিম উদ্দিন (৬১)। এক যুবক তাঁর কাছ থেকে ৮০০ টাকায় সবগুলো মুরগি কিনে ১০০০ টাকার একটি নতুন নোট ধরিয়ে দেন। নোটটি পকেটে নিয়ে বৃদ্ধ যুবকটিকে ২০০ টাকা ফেরত দেন। এরপর বৃদ্ধ ওই ১০০০ টাকার নোটটি নিয়ে যান শহরের বাসস্ট্যান্ড বাজারে। সেখানে ওই টাকায় প্রয়োজনীয় পোশাক কিনতে গিয়ে তিনি জানতে পারেন সেটি জাল।
সলিম বলেন, ‘ছেলেমেয়েদের জন্য নতুন জামাকাপড় কিনতে বাড়ির মুরগিগুলো বিক্রি করেছিলাম। কিন্তু প্রতারক চক্র সে ইচ্ছা পূরণ করতে দিল না। এর বিচার আল্লাহ করবেন।’
১৬ আগস্ট রানীশংকৈল উপজেলার নেকমরদ হাটে কেনাকাটা করতে এসে চারটি জাল ১০০০ টাকার নোটসহ এক যুবক ধরা পড়েন। লোকজন যখন পুলিশে খবর দিতে চেষ্টা করছিলেন, তখন সুযোগ বুঝে ওই যুবক পালিয়ে যান।
ঠাকুরগাঁও রোড এলাকার তৈরি পোশাক ব্যবসায়ী আবদুর রহমান বলেন, ‘১৫ আগস্ট এক ব্যক্তি এক হাজার ৭৫০ টাকার কাপড় কিনে তিনটি ৫০০ টাকার নোটসহ আরও ২৫০ টাকা দিয়ে চলে যান। পরে টাকা গুনতে গিয়ে একটি ৫০০ টাকার জাল ধরা পড়ে। ঝামেলা এড়াতে ওই জাল নোটটি পুড়িয়ে ফেলেছি।’
স্থানীয় লোকজন বলেন, শহরের হাসপাতাল এলাকা, কালীবাড়ি, বাজারঘাটাসহ বিভিন্ন বিপণিকেন্দ্রে প্রায় প্রতিদিনই জাল নোট নিয়ে কেনাকাটা করতে এসে নারী-পুরুষেরা ধরা পড়ছেন। কিন্তু তাঁদের কাছে দুই বা একটি নোট পাওয়ায় ও পুলিশি ঝামেলার কারণে এ নিয়ে খুব একটা হইচই করা হয় না।
ঠাকুরগাঁও বণিক সমিতির সহসভাপতি মুরাদ হোসেন বলেন, ঈদ সামনে রেখে সংঘবদ্ধ প্রতারক চক্র বাজারে ১০০০, ৫০০ ও ১০০ টাকার জাল নোট ছড়াচ্ছে। বেকার যুবক ও নারীরা এ চক্রের সঙ্গে জড়িত হয়ে ক্রেতা সেজে এসব জাল নোট বাজারে ছড়িয়ে দিচ্ছে। ব্যবসাপ্রতিষ্ঠানে জাল নোট শনাক্ত করার কোনো মেশিন না থাকায় ক্রেতা-বিক্রেতা দুই পক্ষই প্রতারণার শিকার হচ্ছেন। আর মেশিন না থাকার এ সুযোগ নিচ্ছে প্রতারক চক্র।
ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, ১৭ অক্টোবর বিকেলে সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন থেকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামের হরিমোহন শীল (৪৫) নামের জাল নোটের এক ব্যবসায়ীকে আটক করা হয়। তখন তাঁর কাছে ১০০০ টাকার ৭১টি জাল নোট পাওয়া যায়।
গোয়েন্দা পুলিশের কার্যালয়ে বসে ১৮ অক্টোবর আটক হরিমোহন বলেন, ৫০ শতাংশ কমিশনে তাঁরা ১০০০, ৫০০ ও ১০০ টাকার জাল নোট কিনে প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দিচ্ছেন। দিনাজপুরের বীরগঞ্জ, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার গড়েয়া, পঞ্চগড়ের দেবীগঞ্জসহ বিভিন্ন স্থানে জাল নোট বিক্রির শতাধিক এজেন্ট রয়েছে বলে তিনি জানান।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, ‘ঈদ সামনে রেখে ইয়াবা ও জাল নোট ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। এখন বিপণিকেন্দ্রগুলোতে পুলিশের নজরদারি বাড়িয়ে জাল নোট পাচারকারীদের ধরার চেষ্টা চলছে। কোরবানির পশুহাটে জাল নোট শনাক্তের যন্ত্র বসানোর উদ্যোগ নেওয়া হবে।’