: তিনটি চক্রের প্রধানসহ ১৯ জন গ্রেপ্তার : এক সপ্তাহে ঢাকা মেডিকেলে ভর্তি ৩৫ জন
ঈদ সামনে রেখে তৎপর অজ্ঞান পার্টি

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সক্রিয় হয়ে উঠেছে ‘অজ্ঞান পার্টি’ নামে পরিচিত দুর্বৃত্তের বিভিন্ন চক্র। এর মধ্যে গত সোমবার ঢাকার বিভিন্ন স্থান থেকে এ রকম তিনটি চক্রের প্রধানসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত এক সপ্তাহে অজ্ঞান পার্টির কবলে পড়ে অসুস্থ হয়ে ৩৫ জন এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এঁদের মধ্যে সরকারি কর্মকর্তাও রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মনিরুজ্জামান গত শনিবার সন্ধ্যায় রাজধানীর মালিবাগ মোড়ে বাসে বসে ডাবের পানি পান করার পর অসুস্থ বোধ করতে থাকেন। বিষয়টি আঁচ করতে পেরে তিনি দ্রুত বাস থেকে নেমে পড়ে একটি রিকশায় ওঠে কোনোমতে বাসায় ফেরেন। এরপর বমি করতে করতে অচেতন হয়ে পড়েন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন।
মনিরুজ্জামানের স্ত্রী তানিয়া জাহান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী এখনো পুরোপুরি সুস্থ হননি।
গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বেড়ে গেছে। এসব দুর্বৃত্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবি অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির তিনটি দলের ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একটি দলের প্রধান আবদুর রাজ্জাকসহ ছয়জনকে পল্টন এলাকা থেকে, আরেকটি দলের প্রধান আবদুর রহমানসহ ছয়জনকে যাত্রাবাড়ী এবং আব্বাস আলীসহ অপর একটি দলের সাতজনকে মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত চেতনানাশক বিভিন্ন ওষুধ ও অন্যান্য দ্রব্যাদি উদ্ধার করা হয়।
মনিরুল ইসলাম বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা ঈদের সময়কে বছরের সেরা মৌসুম বলে মনে করে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মানুষের যাতায়াত বেশি থাকে। অজ্ঞান পার্টির লোকেরা সাধারণত একা ভ্রমণকারী যাত্রীকে টার্গেট করে। তারা যাত্রীর সঙ্গে সখ্য গড়ে তোলে এবং একপর্যায়ে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে দেয়। এরপর ওই যাত্রী অজ্ঞান হয়ে পড়লে তাঁর টাকা-পয়সা মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। তাই চলার পথে বা পরিবহনে ভ্রাম্যমাণ হকার ও অপরিচিত লোকজনের দেওয়া পানীয় বা খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
ডিবির যুগ্ম কমিশনারের তথ্য অনুযায়ী, এখনো অজ্ঞান পার্টির অর্ধশত সদস্য সক্রিয়। এর মধ্যে ঢাকায় অন্তত ২২ জন ও ঢাকার বাইরে ২৫ জন আছে। সাধারণত বিভিন্ন রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনাল এবং মাওয়া ও পাটুরিয়া ফেরিঘাটে এসব চক্র বেশি তৎপর থাকে।
মনিরুল ইসলাম বলেন, অজ্ঞান পার্টির তৎপরতা সম্পর্কে মানুষকে সচেতন করতে বাস, রেল ও লঞ্চ টার্মিনালগুলোয় প্রচারপত্র বিলি ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া কোরবানির ঈদ সামনে রেখে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য কমাতে গণপরিবহন মালিকদের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে।