ঈদগাহ ভেঙে গাড়ির স্ট্যান্ড করার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা উপজেলার আইচগাতী সেনের বাজার ঈদগাহের দেয়াল গত মঙ্গলবার রাতে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫০ বছরের পুরোনো এই ঈদগাহের অস্তিত্ব নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।
অভিযোগ পাওয়া গেছে, ঈদগাহ ভেঙে সেখানে বাস ও টেম্পোর স্ট্যান্ড নির্মাণের চেষ্টা চলছে। আর এ কাজটি হচ্ছে আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিটন ও তাঁর ভগ্নিপতি মারুফের নেতৃত্বে।
তবে আরিফুজ্জামান বলেছেন, ‘কে বা কারা ঈদগাহের দেয়াল ও মাঝি সমিতির অফিস ভাঙচুর করেছে, তা আমি জানি না। স্থানীয় লোকদের কাছে ঘটনাটি শুনেছি। আমি সাধারণত রাত আটটার পর বাসার বাইরে থাকি না।’
সেনের বাজার ঈদগাহ ও স্থানীয় মসজিদ কমিটির সভাপতি আবদুর রশিদ মল্লিক জানান, তিনি মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে খবর পান যে একদল লোক ঈদগাহ ভাঙছে। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মসজিদের মাইকে প্রচার করেন। তখন গ্রামের লোকজন জড়ো হয়ে ঈদগাহ ভাঙচুরকারীদের ধাওয়া করে। এ সময় স্বপন ও কামরুজ্জামান নামের দুজন ধরাও পড়ে। পরে তাদের মারধর করে ছেড়ে দেওয়া হয়। অন্যরা পালিয়ে যায়।
আবদুর রশিদ মল্লিকের অভিযোগ, আইচগাতী সেনের বাজার বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান এবং তাঁর ভগ্নিপতি মারুফের নেতৃত্বে মাঝি সমিতির লোকজন ঈদগাহের দেয়াল ভেঙেছে। তারা এখানে বাস ও টেম্পোর স্ট্যান্ড নির্মাণের চেষ্টা করছে। অথচ এই ঈদগাহে প্রায় ৫০ বছর ধরে ঈদের নামাজ আদায় করছেন স্থানীয় মুসল্লিরা।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার ঈদগাহ কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, চারপাশ ইটের দেয়াল দিয়ে ঘেরা ঈদগাহটির পূর্ব পাশের দেয়ালের প্রায় সব ও উত্তর পাশের কিছুটা অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পূর্ব পাশের ভেঙে দেওয়া অংশে নতুন করে বেড়া দেওয়া হয়েছে বাঁশ দিয়ে।
জানতে চাইলে আওয়ামী লীগের নেতা আরিফুজ্জামান ঈদগাহের দেয়াল ভাঙার সঙ্গে তাঁর জড়িত থাকার বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ‘রশিদ মল্লিক নামের এক লোক সরকারি ওই জায়গাটি দখল করে ভাড়া খাটাচ্ছেন। সওজ কর্তৃপক্ষ ইতিমধ্যে তাঁকে কয়েক দফা চিঠি দিয়ে দেয়াল ভাঙার নির্দেশ দিয়েছে। কিন্তু তিনি তা শুনছেন না।’
এর আগেও একবার ঈদগাহটি ভেঙে ফেলার তোড়জোড় শুরু হয়েছিল। তখনো ওই ঘটনায় ২০১৪ সালের ২২ মে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন স্থানীয় ব্যক্তিরা।