ঈদবাজারে জাল নোট ছড়াচ্ছে একটি চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে ঈদের বাজারে কেনাকাটা করতে গিয়ে একটি সংঘবদ্ধ চক্র জাল নোট ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। শহরের বিভিন্ন বিপণিবিতান ও বাজারে জাল নোট শনাক্তকরণের কোনো যন্ত্র না থাকায় এ অপকর্ম বন্ধ করা যাচ্ছে না বলে পুলিশ ও ব্যবসায়ীরা বলছেন।
এ বিষয়ে জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমদ প্রথম আলোকে জানান, ঈদকে সামনে রেখে সংঘবদ্ধ প্রতারকচক্র বাজারে ১০০০, ৫০০ ও ১০০ টাকার জাল নোট ছড়াচ্ছে। বিশেষ করে ক্রেতা সেজে বেকার যুবক ও তরুণীরা জাল নোট ছড়িয়ে দিচ্ছে। জাল নোট শনাক্তকরণের কোনো মেশিন না থাকায় ক্রেতা-বিক্রেতা প্রতারণার শিকার হচ্ছেন।
ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের সমবায় সুপার মার্কেটের একটি দোকানে গিয়ে ছয় হাজার টাকায় একটি শাড়ি কেনেন এক তরুণী। কিন্তু তাঁর দেওয়া ছয়টি ১০০০ টাকার নোটের মধ্যে চারটি নোটই জাল ছিল।
ওই দোকানের কর্মচারী মনজুর আলম জানান, প্রায় প্রতিদিন জাল টাকা ধরা পড়ছে।
গতকাল বুধবার সকালে শহরের বাহারছড়া বাজারের মাছ ব্যবসায়ী নাছির আহমদকে ৫০০ টাকার দুটি জাল নোট ধরিয়ে দিয়ে মাছ কেনেন এক ব্যক্তি। তিনি জানান, ব্যস্ততার মধ্যে টাকা আসল না নকল তা যাচাই করা কঠিন।
ব্যবসায়ীরা জানান, বাহারছড়া বাজারে প্রতিদিন লাখ লাখ টাকার মাছ, মাংস, সবজি বিক্রি হলেও জাল নোট শনাক্তকরণের কোনো মেশিন এখানে নেই।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রথম সহসভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, উদ্যোগ নিয়েও এই ঈদবাজারে জাল নোট শনাক্তকরণের মেশিন বসানো যায়নি। আগামী কোরবানির ঈদে এই মেশিন স্থাপন করা হবে। একই সঙ্গে জাল নোট সম্পর্কে লোকজনকে সচেতন করতে বিভিন্ন ব্যাংক ও প্রশাসনের উদ্যোগে গণসমাবেশ করা হবে।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে আসল টাকার আদলে জাল নোট তৈরি হচ্ছে। জাল নোটের সার্বিক ব্যবস্থাপনা এতই নিখুঁত যে আসল-নকল পরখ করা কঠিন। এখন ঈদবাজার ও বিপণিকেন্দ্রগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারি বাড়িয়ে জাল নোট পাচারকারীদের ধরার চেষ্টা চলছে।