ঈদবাজারে ফুটপাতে দোকান বেড়েছে, চাঁদাও বেড়েছে

ঈদবাজারে রাজধানীর ফুটপাতে দোকান ও বেচাকেনা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে চাঁদাবাজি। ক্ষমতাসীন দল ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী, পুলিশ, কল্যাণ সমিতির নামে হকারদের কাছ থেকে এই চাঁদা আদায় করা হচ্ছে।
সরেজমিনে বিভিন্ন ফুটপাতে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ছিন্নমূল হকার সমিতি ও হকার্স লীগের তথ্য অনুযায়ী, রাজধানীতে ফুটপাতে ঈদ উপলক্ষে হকারের সংখ্যা তিন লাখের বেশি। আগে এ সংখ্যা ছিল প্রায় আড়াই লাখ। শাহবাগ, নিউমার্কেট, মিরপুর রোড, মোহাম্মদপুর, মিরপুর ১, ২ ও ১০ নম্বর, বায়তুল মোকাররম, পল্টন, গুলিস্তান, মতিঝিল, মৌচাক এলাকার ফুটপাতে ব্যবসা জমজমাট বলে এসব এলাকায় চাঁদার হারও বেশি। হকাররা অভিযোগ করেন, আগেও তাঁরা চাঁদা দিতেন। কিন্তু এখন ঈদ সামনে রেখে চাঁদা আদায়কারী বেড়েছে, পরিমাণও বেড়েছে।
আগে কেবল বারডেম হাসপাতাল এবং এর পাশের ফুটপাত থেকে চাঁদা নেওয়া হতো। আগে হকারপ্রতি ১০০ টাকা নেওয়া হলেও ১৭ জুলাই সেখানে গেলে হকাররা জানান, চাঁদা বেড়ে দোকানভেদে ১৫০ থেকে ২০০ টাকা হয়েছে। বারডেম হাসপাতালসংলগ্ন পদচারী সেতুর হকারদের কাছ থেকে আগে চাঁদা তোলার অভিযোগ শোনা না গেলেও সেদিন দেখা যায়, প্রত্যেক হকারের কাছ থেকে ৩০ টাকা করে তুলছিলেন লাইনম্যান বলে পরিচিত মো. রুবেল ও মতিউর। তাঁদের হাতে থাকা কাগজে ৭০ জন হকারের নাম। জানতে চাইলে রুবেল প্রথম আলোকে বলেন, তাঁরা একটি কল্যাণ সমিতির পক্ষে চাঁদা তুলছেন। সঙ্গে ক্যামেরা দেখে ওই দুজন দ্রুত সরে পড়েন।
হকাররা জানান, ওই দুজন ছাড়া আরও চাঁদাবাজ আছে।
একটু দূরে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন সড়কের ফুটপাতে ঈদ উপলক্ষে হকারের সংখ্যা দ্বিগুণ হয়েছে। চাঁদার হার আগের চেয়ে ৫০ টাকা বেড়েছে। ওই এলাকার ফুটপাতের দোকান থেকে চাঁদা তোলেন লাইনম্যান মো. ইসমাইল ও রিয়াজ উদ্দিন। এ বিষয়ে ইসমাইল বলেন, ‘আপনি যতই নিউজ করেন, আমাগো উঠাইতে পারবেন না। আমরা পুলিশ, নেতা সব ম্যানেজ করি।’
হকাররা অভিযোগ করেন, এই চাঁদার ভাগ ছাত্রলীগের কেউ কেউ এবং পুলিশ নেয়।
জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, চাঁদার ভাগ পুলিশের নেওয়ার অভিযোগ সত্য নয়। প্রতি সপ্তাহে পাঁচবার হকারদের উচ্ছেদ করা হলেও তারা আবার বসে।
সরেজমিনে জানা যায়, মিরপুর রোডের নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত ফুটপাতে চাঁদাবাজির নেতৃত্বে আছেন ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক এক নেতা। তাঁর হয়ে সড়কের পশ্চিম পাশে হকারপ্রতি দৈনিক ১০০ থেকে ২০০ টাকা চাঁদা তোলেন সাত্তার। পূর্ব পাশের ফুটপাতের লাইনম্যান আজাদ।
নিউমার্কেটের সামনের ফুটপাতের হকাররা অভিযোগ করেন, ছাত্রলীগ-যুবলীগের কয়েকজন নেতার নামে তাঁদের কাছ চাঁদা নেওয়া হয়। চাঁদাবাজদের সহায়তা করে থানা-পুলিশ।
অভিযোগ পাওয়া যায়, আজিমপুরে ইডেন কলেজের সামনের ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানগুলো থেকে পুলিশ দৈনিক ২৫ থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা তুলছে। নতুন শুরু হয়েছে আজিমপুর কল্যাণ সমিতির নামে চাঁদা তোলা।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন সড়কের ফুটপাতে রমজান মাসের শুরু থেকে সন্ধ্যায় বসছে জুতার দোকান। সেখানকার হকার ফরিদ হোসেন বলেন, ‘ঈদে চাঁদা একটু বেশি দিতে হইতেছে। এক লাখ টাকা দিয়ে পজিশন কিনছি। পুলিশরে দিনে দেই ১০০ টাকা।’
গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে সুন্দরবন স্কয়ার পর্যন্ত ফুটপাতের হকারদের কাছ থেকে স্থানীয় যুবলীগের এক নেতার নামে এখন দৈনিক ১০০ থেকে ২০০ টাকা চাঁদা তোলেন ছয়জন ফুট লিডার। বায়তুল মোকাররমের আশপাশের ফুটপাতের হকারদের কাছ থেকে মিতালী সমিতির নামে চাঁদা আদায় করা হয়।
মিরপুর ১ নম্বরে মুক্তিযোদ্ধা মার্কেটের ব্যবসায়ী ও সামনের একাধিক ফুটপাতের হকার অভিযোগ করেন, পুলিশের পাশাপাশি মিরপুরের স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের নেতার নামে এখানে চাঁদা তোলা হয়। ওই মার্কেটের দুই ব্যবসায়ী টাকা নিয়ে ১ নম্বর থেকে মাজার রোড পর্যন্ত সড়কের বিভাজকে জুতা, সবজি, ফলসহ নানা পণ্যে সাজানো রিকশাভ্যান বসিয়েছেন। এসব ভ্যান থেকে দৈনিক চাঁদা তোলেন লাইনম্যান কবির, মালেক, আশরাফ, জিন্নাহ ও আলী আকবর।
নাম প্রকাশে অনিচ্ছুক মুক্তিযোদ্ধা মার্কেটের এক ব্যবসায়ী অভিযোগ করেন, হকার বসতে বাধা দেওয়ায় মুঠোফোনে তাঁকে প্রাণনাশের হুমকি দেন গফুর। তিনি এ ঘটনায় ১৭ জুলাই শাহ আলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শাহ আলী থানার ওসি সেলিমুজ্জামান বলেন, গফুরও ব্যবসায়ী। ওই দুজনের মধ্যে আগে থেকেই রেষারেষি রয়েছে।
মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পাশ থেকে গ্যালাক্সি হাসপাতালের সামনের ফুটপাত পর্যন্ত শতাধিক হকার বসেন। তাঁরাও চাঁদাবাজির শিকার।
বাংলাদেশ হকার্স লীগের কেন্দ্রীয় সভাপতি এম এ কাশেম প্রথম আলোকে বলেন, বর্তমানে চাঁদাবাজেরা কল্যাণ সমিতির নামে চাঁদা তোলার নতুন ফর্মুলা করেছে। লাইনম্যান নামধারী সন্ত্রাসীরা পুলিশ, আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নামে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছে।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ‘হকার উচ্ছেদ করা সিটি করপোরেশনের দায়িত্ব। চাঁদা আদায়ের সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’