ঈদের আগে গরু চুরির হিড়িক
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ধাওয়াগীর গ্রামের আবদুল জলিল ও আবদুস ছাত্তার আসন্ন কোরবানির ঈদে বিক্রির জন্য বাড়িতে দীর্ঘদিন ধরে কষ্ট করে গরু লালন-পালন করছিলেন। কিন্তু গত বুধবার রাতে চোরেরা আবদুল জলিলের তিনটি ও আবদুস ছাত্তারের দুটি গরু চুরি করে নিয়ে গেছে। এ অবস্থায় ওই দুই কৃষকের মাথায় হাত পড়েছে।
শুধু আবদুল জলিল বা আবদুস ছাত্তারই নন, ধাওয়াগীর ও আশপাশের ছয় গ্রাম থেকে গত দুই মাসে ৬১টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।
এলাকার অন্তত সাত-আটজন বাসিন্দা বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে ইদানীং সক্রিয় হয়ে উঠেছে গরুচোরচক্র। সংঘবদ্ধ চোরের দল রাতে গোয়ালে ঢুকে গরু নিয়ে নির্বিঘ্নে চলে যায়। কীভাবে এ চক্র নিঃশব্দে গরুগুলো বের করে নিচ্ছে সেও এক রহস্য। এভাবে একের পর এক গরু চুরির ঘটনায় ঈদ উপলক্ষে মৌসুমি গরু ব্যবসায়ী ও কৃষকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। হয়রানির ভয়ে তাঁরা থানায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত করেন না।
স্থানীয় বাসিন্দাদের কাছে খোঁজ নিয়ে আরও জানা যায়, গত দুই মাসে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের ধাওয়াগীর, মিল্কিপুর, শ্যামপুর, তেলিপাড়া, নয়আনা, জুড়ি ও মাছপাড়া গ্রাম থেকে ৬১টি গরু চুরি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হারুন মোল্লা নামের এক ব্যক্তি। তাঁর পাঁচটি গরু চুরি হয়েছে।
মিল্কিপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, এলাকার বাইরের শক্তিশালী একটি চক্র এসব চুরির সঙ্গে জড়িত। তাদের সঙ্গে হাত মিলিয়েছে স্থানীয় কিছু মানুষ। ধাওয়াগীর গ্রামের গৃহবধূ হালিমা বিবি বলেন, একটি গরুর পেছনে অনেক খাটুনি। বন্যা গেল। এ অবস্থায় চোরেরা গরু নিয়ে গেলে গরিব মানুষের যে কী দশা হয়, সেটা যার যায় সে ছাড়া অন্য কেউ বুঝবে না।
ওই গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, গরু চুরির পর থানার পুলিশকে বললে আরও বিপদ। তখন দেখা যাবে, পুলিশ তো কিছু করবেই না, চোরেরা বাদবাকি গরুও নিয়ে যাবে। অন্যভাবেও হয়রানি করবে।
শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তোজাম্মেল হক বলেন, ‘আমার ইউনিয়ন থেকে প্রায় রাতেই গরু চুরি হচ্ছে। কৃষকেরা রাত জেগে গোয়ালঘর পাহারা দিয়েও চুরির কবল থেকে গরু রক্ষা করতে পারছেন না।’
আরেক ইউপি সদস্য সাফিউল ইসলাম বলেন, ‘ভাই, গরু চুরির কথা কী আর বলব, আমারই একটি গরু আছে। কোরবানির সময় বিক্রি করব বলে পালছি। এক লাখ টাকা দাম হবে। এখন চোরের ভয়ে রাত জেগে সে গরু পাহারা দিতে হচ্ছে।’
ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, ‘একের পর এক চুরির ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমি সবে দায়িত্ব নিলাম। আজ রাত (শুক্রবার) থেকেই পাহারার ব্যবস্থা করছি। উপজেলা পরিষদের আগামী সভাতে আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলব।’
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহম্মদ কামরুজ্জামান বলেন, ‘গরু চুরির বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’