ঈদের আগে তৎপর জাল টাকার কারবারিরা
ঈদের আগে জাল টাকা তৈরির চক্রগুলো উৎপাদন ও বিপণন বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজধানীর আগারগাঁও তালতলা থেকে ৪০ লাখ টাকা মূল্যমানের জাল মুদ্রাসহ ছয়জনকে গ্রেপ্তারের পর গতকাল রোববার ডিবি এ কথা জানায়। এর আগে ৮ জুন রাজধানীর মিরপুর থেকে ৫০ লাখ টাকা মূল্যমানের জাল মুদ্রাসহ আরও ছয়জনকে গ্রেপ্তার করে ডিবি।
ডিবি জানায়, শনিবার রাজধানীর আগারগাঁও তালতলা এলাকার একটি বাসার পঞ্চম তলা থেকে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন হাওলাদার সোহেল, মাজহারুল ইসলাম, আল আমিন, আরিফ আরমান, শফিকুল ইসলাম ও সোহেল মিয়া। তাঁদের কাছ থেকে ছাপা-অর্ধ ছাপা ৪০ লাখ টাকা মূল্যমানের বাংলাদেশি ১০০০ টাকার জাল নোট, আটটি জাল নোট তৈরির ফ্রেম, রং, নিরাপত্তা সুতা উদ্ধার করা হয়।
গতকাল ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিবি। এতে জানানো হয়, হাওলাদার সোহেল ছয়-সাত বছর ধরে ঢাকার বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে জাল নোট তৈরি করছেন। বিভিন্ন উৎসবে যখন মুদ্রার লেনদেন বাড়ে, তখন তাঁরাও তৎপর হয়ে ওঠেন। এই ঈদে এক কোটি জাল মুদ্রা বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়ে সোহেল তালতলা এলাকায় সহযোগী মাজহারুলের বাসায় জাল টাকা তৈরির কারখানা বসিয়েছিলেন।