ঈদের ছুটিতে চট্টগ্রামে চার খুন
ঈদের ছুটির তিন দিনে চট্টগ্রাম নগর, বাঁশখালী ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক চারটি ঘটনায় চার যুবক খুন হয়েছেন। তাঁদের কুপিয়ে, গুলি করে এবং পিটিয়ে খুন করা হয়। নিহত চারজন হলেন শফিকুল ইসলাম (২৮), আরিফুল ইসলাম (২০), মো. সরওয়ার (২৬) ও মোহাম্মদ শরিফুল ইসলাম (২৪)।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার স্টেশন কলোনি এলাকায় শফিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে খুন করে দুর্বৃত্তরা।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। শফিকুলের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করেছেন।
চান্দগাঁওয়ের এক কিলোমিটার এলাকায় লুডু খেলা নিয়ে ঝগড়ার একপর্যায়ে ছুরিকাঘাতে আরিফুল ইসলাম খুন হন। বৃহস্পতিবার বিকেলে তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরদিন শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আরিফুল ইসলাম চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি দিনমজুর ছিলেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, এক কিলোমিটার এলাকায় একটি রেস্তোরাঁর সামনে আরিফ বন্ধুদের সঙ্গে লুডু খেলছিলেন। খেলা নিয়ে ঝগড়ার একপর্যায়ে অপর এক বন্ধু তাঁকে ছুরিকাঘাত করেন।
এদিকে ব্যানার ছিঁড়ে ফেলায় বাঁশখালীর চাম্বল বাজারে নিরাপত্তারক্ষী মো. সরওয়ারকে পিটিয়ে খুন করে দুর্বৃত্তরা। ঈদের আগের দিন বুধবার ভোরে এলাকার কয়েকজন দুর্বৃত্ত তাঁকে মারধর করে। সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বাঁশখালীর থানার ওসি আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, চাম্বল বাজারে নির্মাণাধীন বিপণিবিতানের মালিকানা নিয়ে অংশীদারদের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে এই খুনের ঘটনা ঘটতে পারে। তিনজনকে আসামি করে মামলা করেছে নিহত ব্যক্তির পরিবার। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহত সরওয়ারের বড় ভাই মো. মিজানুর রহমান বুধবার চমেক হাসপাতালের মর্গের সামনে প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই নির্মাণাধীন ভবনটির নিরাপত্তারক্ষী ছিল। এই বিপণিবিতানের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে পরিচালক তৌহিদুল ইসলামের লোকজন একটি ব্যানার টানিয়ে দেয়। সরওয়ার বুধবার ভোরে সেই ব্যানার ছিঁড়ে ফেলে। এর জের ধরে তৌহিদুল ইসলামের লোকজন বুধবার সকালে সরওয়ারের মাথায় আঘাত করে। তাকে উদ্ধার করতে গেলে দুর্বৃত্তরা আমাদেরও মারধর করে। পরে কোনো রকমে ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। সন্ধ্যায় সে মারা যায়।’
তবে নির্মাণাধীন বিপণিবিতানের নিরাপত্তারক্ষীকে মারধরের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন পরিচালক তৌহিদুল ইসলাম।
সরওয়ার উপজেলার চাম্বল এলাকার গোলাম রহমানের পাঁচ ছেলের মধ্যে দ্বিতীয়। ঈদের পরপরই তাঁর বিয়ে হওয়ার কথা ছিল বলে জানান পরিবারের সদস্যরা।
সীতাকুণ্ডে ঈদের দিন সহকর্মীর ছুরিকাঘাতে খুন হন মোহাম্মদ শরিফুল ইসলাম। উপজেলার ছলিমপুর ইউনিয়নের পাক্কার রাস্তার মাথা সমাদরপাড়া এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় শরিফুলের সহকর্মী আকবর হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে। দুজনই একটি স্টিল মিলে কাজ করতেন বলে জানায় পুলিশ। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা আবুল হোসেন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেছেন।
সীতাকুণ্ড থানার এসআই জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, ‘ঈদের দিন দুপুরে আকবর হোসেনের দেড় হাজার টাকা হারিয়ে যায়। এ নিয়ে শরিফুলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আকবর শরিফুলকে ছুরিকাঘাত করে।’
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশ্রাফুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে শরিফুলকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন আকবর।