ঈদের ছুটিতে তিন খুন
ঈদের ছুটিতে রাজধানীতে পৃথক ঘটনায় তিনজন খুন হয়েছেন। তাঁদের মধ্যে শ্যামপুরে মো. সজীব (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজেকে প্রজন্ম লীগের নেতা বলে পরিচয় দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ছাড়া মহাখালীতে ডিশ-সংযোগ প্রতিষ্ঠানের কর্মচারী শফিকুল ইসলামকে (৩৫) ছুরিকাঘাতে এবং মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শ্যামপুরের হত্যাকাণ্ডের বিষয়ে কদমতলী থানার পুলিশ বলেছে, সজীব শ্যামপুর বাজার এলাকায় থাকতেন। ঈদুল ফিতরের আগের দিন গত রোববার সকালে শ্যামপুর বাজারের কাছে একটি মাইক্রোবাস সজীবকে ধাক্কা দেয়। এতে সজীব মাইক্রোবাসের চালক আলমগীরকে চড় মারেন। একপর্যায়ে মাইক্রোবাসটির মালিক হাবিবুর রহমান ওরফে হাবিব, তাঁর গাড়িচালক আলমগীর ও দেহরক্ষী সুজন মারধর করেন সজীবকে। পরে সজীবকে ধরে শ্যামপুর নতুন বাজারের কাছে হাবিবের বাড়িতে নিয়ে পেটানো হয়। এতে সজীব অচেতন হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন বলেন, কিছুদিন ধরে হাবিব নিজেকে কদমতলী থানা প্রজন্ম লীগের উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে আসছেন। তিনি শ্যামপুর থানা আওয়ামী লীগের কমিটিতে যোগ দিতে এসেছিলেন। পরে তাঁকে কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছিল।
স্থানীয় লোকজন বলেন, হাবিব ধানমন্ডি এলাকায় ব্যবসা করেন।
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সাজু মিয়া প্রথম আলোকে বলেন, সজীবের কাছে থাকা তাঁর পরিবারের মুঠোফোন নম্বরে যোগাযোগ করে পুলিশ জানতে পারে ময়মনসিংহের গফরগাঁওয়ের জব মজই গ্রাম থেকে সাত দিন আগে সজীব নিখোঁজ হন। সজীব গ্রামে ট্রাক্টরের চালকের সহকারী ছিলেন। তাঁর বাবার নাম দুলাল মিয়া। সজীব হত্যার ঘটনায় করা মামলায় হাবিব, তাঁর গাড়িচালক আলমগীর ও দেহরক্ষী সুজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
কদমতলী থানার উপপরিদর্শক দীপঙ্কর সাহা বলেন, রিমান্ডে আলমগীর ও সুজন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে বলেছেন, সজীব লাঠি দিয়ে হাবিবের গাড়িতে আঘাত করেছিলেন। আর হাবিব বলেছেন, কোনো কারণ ছাড়াই সজীব তাঁর গাড়িচালককে থাবা মেরেছিলেন। ময়নাতদন্ত শেষে সজীবের লাশ স্বজনেরা নিয়ে গেছেন।
ডিশ-সংযোগ প্রতিষ্ঠানের কর্মচারী খুন
মহাখালীর দক্ষিণপাড়া নিকেতন বাজার গেট এলাকায় গত সোমবার (ঈদের দিন) দিবাগত রাতেডিশ-সংযোগ প্রতিষ্ঠানের কর্মচারী শফিকুল ইসলামকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি স্ত্রী ও দুই বছরের মেয়েকে নিয়ে দক্ষিণপাড়াসংলগ্ন ৯২/২ দাবিলপাড়ায় থাকতেন।
বনানী থানার পুলিশ বলেছে, ঈদের দিন সকালে শফিকুল স্ত্রী-সন্তান নিয়ে নিকেতন বাজার গেট এলাকায় শ্বশুরের বাসায় বেড়াতে যান। সেখান থেকে তাঁদের নিয়ে হাতিরঝিলে ঘুরে রাত ১২টার দিকে শ্বশুরের বাসায় ফেরেন। এরপর শফিকুল মেয়ের জন্য চিপস কিনতে বের হন। ওই বাসার কাছে কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। স্থানীয় এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় শফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শফিকুলের গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর থানার কামারজানি গ্রামে। বাবার নাম আবদুর রশীদ।
শফিকুলের ভাই রফিকুল বলেন, তাঁদের জানামতে শফিকুলের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। হত্যার কারণ সম্পর্কে তাঁরা কিছু বুঝে উঠতে পারছেন না। আজ বৃহস্পতিবার তাঁর ছোট বোনের বিয়ে হওয়ার কথা। সে উপলক্ষে বুধবার শফিকুলের বাড়ি যাওয়ার কথা ছিল। গত মঙ্গলবার শফিকুলের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা
রোববার সন্ধ্যায় মোহাম্মদপুরে চান মিয়া হাউজিংয়ের ১ নম্বর ফটক এলাকায় স্থানীয় বাসিন্দারা ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে ফেলে রাখেন। খবর পেয়ে পুলিশ তাঁকে ওই দিন রাত আটটার দিকে অচেতন অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইয়াহিয়া বলেন, নিহত যুবকের পরনে মখমলের চকলেট কালারের প্যান্ট ছিল। তাঁর বয়স ৩০ বছর হতে পারে।
ওসি জামালউদ্দিন মীর বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাবে।