ঈদের ছুটিতে রাজধানীতে ছিনতাই, আহত ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে গত শুক্রবার রাজধানীতে পৃথক তিনটি ঘটনায় ছিনতাইকারীদের চাপাতির কোপ ও ছুরিকাঘাতে ছয়জন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র বলেছে, রাত সাড়ে নয়টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে বেড়াতে যান মো. রানা (২৮) ও মো. হাবিব (২৫)। রাত পৌনে ১১টার দিকে চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁদের ঘিরে ধরে এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এ সময় দুজনের কাছে থাকা ১৪ হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে চলে যায় তারা।
অপর ঘটনায় ওই দিন রাত ১১টার দিকে তিন-চারজন ছিনতাইকারী রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় মোড়ে সোহাগ হাসান (২৮) নামে এক যুবকের ডান হাতে চাপাতির কোপ দিয়ে তাঁর কাছ থেকে সাত হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।
তবে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, এটা ছিনতাইয়ের ঘটনা নয়। দুলাল ও সালাম গ্রুপের মধ্যে রিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে এঁরা আহত হন।
শুক্রবার ভোরে নগরের আসাদগেট এলাকায় যাত্রীবেশে ওঠা কয়েকজন ছিনতাইকারী গরু ব্যাপারী মো. হামিদ (৫০), খবির (৪০) ও রাখাল ভোলা মিয়াকে (৪০) ছুরি মেরে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তিন গরু ব্যাপারী বাস থেকে লাফিয়ে রাস্তায় পড়েন। পরে পথচারীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে গরু ব্যাপারীরা বলেন, কমলাপুর গরুর হাটে পাঁচটি গরু বিক্রি করে তাঁরা ঝিনাইদহের মহেশপুরে বাড়ি ফেরার উদ্দেশ্যে গাবতলীগামী একটি বাসে উঠেছিলেন। ছিনতাইকারীরা তাঁদের চাপাতি দিয়ে কুপিয়ে টাকা নিতে চাইলে তাঁরা বাসের জানালা দিয়ে ওই টাকা নিচে ফেলে দিয়েছিলেন। কিন্তু সেই টাকা তাঁরা পাননি।