ঈদের পর বাড়ি ফেরা হলো না জহিরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত পুলিশ সদস্য জহিরুল ইসলাম
নিহত পুলিশ সদস্য জহিরুল ইসলাম

‘ঈদের পরের দিন এক দিনের ছুটি নিয়া বাড়িত আওনের কথা ছিল আমার বাবার। বাড়িত আওনের কথা কইয়্যা কই গেছে আমার বাবা। তারে আমি কোনখানে পাইয়াম।’ কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের কাছে জঙ্গি হামলায় নিহত পুলিশ কনস্টেবল জহিরুল ইসলামের (২১) মা জোবেদা খাতুন অস্ফুট স্বরে কথাগুলো বলছিলেন আর আহাজারি করছিলেন।
নিহত জহিরুলের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া বালাশ্বর গ্রামে। গতকাল শনিবার দুপুরে তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, বৃদ্ধা মা জোবেদা খাতুন, বড় বোন ফাতেমা আক্তারসহ পরিবারের সদস্য ও প্রতিবেশীরা শোকে পাথর। বাড়ির আঙিনায় সুনসান নীরবতা। এর মধ্যেই জহিরুলের স্মৃতিচারণা করছেন পরিবার ও স্বজনেরা।
জহিরুলের বোন ফাতেমা আক্তার জানান, ঠিক ৪ বছর ১০ মাস ২৩ দিন আগে পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন দুই ভাই আর চার বোনের মধ্যে সবার ছোট জহিরুল। দেড় বছর ধরে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। জহিরুল বিয়ে করেননি। ছুটি পেলেই চলে আসতেন বৃদ্ধ মাকে দেখতে। মুক্তিযোদ্ধা বাবা আবদুল মজিদ মারা গেছেন কয়েক বছর আগে। ভাইয়ের হত্যাকারীদের বিচার দাবি করেন ফাতেমা।
ফেরার পথে গ্রামের কাঁচা সড়কের পাশে চোখে পড়ে জহিরুলের কবর। কবরের সামনে কয়েকটি ফুলের ডালা। ফুলগুলো এখনো তাজা। কবরের অদূরে গ্রামের নানা বয়সী লোকেরা বসে আছেন। তাঁরাও শোকে পাথর। ঈদের জামাতে মানুষ হত্যা করায় তাঁরা ক্ষুব্ধও। গ্রামবাসীও সন্ত্রাসীদের বিচার দাবি করেন।