ঈদের পরে ইফতারের জন্য ১৭৮ টন গম বরাদ্দ!
রাজশাহীর পবায় ঈদের পরে ইফতার ও মিলাদ মাহফিলের নামে জিআর-এর ১৭৮ টন গম ভাগ-বাটোয়ারা করে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ বরাদ্দ দিয়েছে।
উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) হড়গ্রাম, দামকুড়া, বড়গাছি, পারিলা ও হুজুরিপাড়ার ৫০টি মসজিদ ও মাদ্রাসায় এই গম বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলায় মোট ইউপি ৮টি এবং পৌরসভা ২টি।
হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল অভিযোগ করেন, নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নেওয়ার জন্যই ওই চেয়ারম্যানরা ঘুষ দিয়ে এই বরাদ্দ নিয়ে এসেছেন। ঘুষ দেবেন না জেনে তিনিসহ তিনজন চেয়ারম্যান ও দুই মেয়রকে তাঁরা বাদ দিয়েছেন।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন দাবি করেছেন, বরাদ্দ পাওয়া ৫০টি প্রতিষ্ঠানের কোনোটিতেই সরকারি খরচে ইফতার ও মিলাদের আয়োজন করা হয়নি। জামায়াতে ইসলামী-সমর্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুন্নেসা জামায়াত ও বিএনপির দুজন চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে গোপনে ভাগ-বাটোয়ারা করে নেওয়ার জন্যই এ বরাদ্দ এনেছেন। ঈদ হয়ে গেছে। গত শুক্রবার ছুটির দিনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি-সম্পাদককে ডিও দেন, যাতে কেউ জানতে না পারেন। তিনি বিষয়টি টের পাওয়ার পরে স্থানীয় খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিষেধ করেছেন। বিষয়টি রাজশাহী জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীকেও জানানো হয়েছে। তারপরও তাঁরা গম উত্তোলনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
হড়গ্রাম ইউনিয়নের কাশিয়াডাঙ্গা স্কুলপাড়া জামে মসজিদের নামে ৩ টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল শনিবার সরেজমিনে মসজিদের পাশের দোকানি মতিউর রহমান বলেন, এই মসজিদে সরকারি বরাদ্দে কোনো ইফতার হয়নি। তবে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মুঠোফোনে বলেন, এ বিষয়ে একটি জটিলতা হয়েছে। তিনি পরে কথা বলবেন।
কাশিয়াডাঙ্গা হাজি নৈমুদ্দিন হাফিজিয়া মাদ্রাসার নামে ৪ টন গম বরাদ্দ দেওয়া হয়। মাদ্রাসাটিতে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়। শিক্ষক মো. ইসমাইল হোসেন বলেন, সরকারি বরাদ্দে কোনো ইফতার হয়নি। খবর পেয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বদিউজ্জামান এসে বলেন, ইফতার স্থানীয় লোকজন দিয়েছেন। কিন্তু তাঁরা একটি বরাদ্দ পেয়েছেন। গত শুক্রবার ডিও জমা দিয়েছেন। ৪ টন গম পাবেন। পেলে উন্নয়নমূলক কাজ করবেন।
একই ইউনিয়নের বালিয়া আমজাদ হাজি মসজিদের নামে ৪ টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। এই মসজিদের কমিটির সভাপতি মোকলেসুর রহমান দাবি করেন, গম দিয়ে মসজিদের ইফতার দেওয়া হয়েছে। খাদ্যগুদাম থেকে তো কেউ গতকাল শনিবার পর্যন্ত কোনো গম উত্তোলন করতে পারেননি; তিনি কোথা থেকে উত্তোলন করেছেন, এ প্রশ্নে আর কোনো জবাব দিতে পারেননি তিনি।
জানতে চাইলে, খায়রুন্নেসা গতকাল প্রথম আলোকে বলেন, মসজিদ-মাদ্রাসায় ইফতার হয়েছে। সরেজমিনে এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি, এ কথা শুনে তিনি বলেন, আসলে বরাদ্দের বিষয়টি জানা গেছে ঈদের তিন-চার দিন আগে। চেয়ারম্যানরা এসে তাঁর কাছে ডিও চেয়েছেন। তিনি সরল বিশ্বাসে সই করে দিয়েছেন। যদি কোনো বরাদ্দ আসে, তাতে এলাকার মানুষই উপকৃত হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরও) আমিনুল হক বলেন, বরাদ্দের গম ঈদের আগে তুলতে না পারার কারণে এখন এ বিতর্ক সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, এই বরাদ্দ দিয়ে এখন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ করা যাবে।
জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বলেন, বিষয়টি স্থানীয় সাংসদ তাঁকে জানিয়েছেন। এখন তাঁরা দেখবেন যদি প্রতিষ্ঠানগুলো এই বরাদ্দের মাধ্যমে লাভবান হবে, তাহলে তারা দেওয়ার ব্যবস্থা করবেন। আর যদি দেখেন কোনো ব্যক্তি এর মাধ্যমে লাভবান হতে যাচ্ছেন, তাহলে বরাদ্দ ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন।