ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের পাঁচ হাজারের বেশি দুস্থ ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দ দেওয়া ভিজিএফের চাল পাননি বলে অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের গাফিলতির কারণে তাঁরা ওই চাল পাননি বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
তবে সোহাগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ গত সোমবার গাফিলতি করার অভিযোগ অস্বীকার করে বলেন, নতুন নির্মিত ইউপি ভবনটি তাঁর কাছে এখনো হস্তান্তর করা হয়নি। তাই প্রায় ৫৩ টন খাদ্যশস্য রাখার মতো জায়গা না থাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তিনি ঝুঁকি নেননি। এ সপ্তাহের মধ্যেই বরাদ্দ বিতরণের ব্যবস্থা নেবেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে ঈদের আগেই ভিজিএফের বরাদ্দ বিতরণ করা হয়। কিন্তু সোহাগী ইউপি থেকে দুস্থদের নামের তালিকা ঈদের ছুটির আগ পর্যন্ত উপজেলা পরিষদে পৌঁছানো হয়নি। ওই ইউনিয়নের ৫ হাজার ৩৪০ জন দুস্থের জন্য ৫৩ দশমিক ৪০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক সোহাগী ইউপির এক সদস্য বলেন, প্রতি ঈদে প্রত্যেক দুস্থকে ১০ কেজি করে সরকার থেকে চাল দেওয়া হয়। কিন্তু এবার ইউপি থেকে দুস্থদের নামের তালিকা করে প্রশাসনের কাছে পৌঁছানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তালিকা জমা দেওয়ার জন্য সোহাগী ইউপির চেয়ারম্যানকে কয়েকবার তাগাদা দেওয়া হয়েছে।
পিআইও মো. আবদুস সোবহান বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে ভিজিএফের বরাদ্দের ছাড়পত্র (ডিও) দেওয়া হয়েছে। সোহাগী ইউনিয়ন ছাড়া সবাই বরাদ্দের ছাড়পত্র নিয়ে খাদ্যশস্য উত্তোলন করেছে। কিন্তু সোহাগী ইউনিয়ন থেকে কোনো তালিকা উপজেলা পরিষদে আসেনি।