খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও তাঁর পরিবারের চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে খাদ্য বিভাগের এক কর্মকর্তা মামলাটি করেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মুহাম্মদ আলাউদ্দিন বলেন, ওই ইউপি সদস্য পরিবারের ১০ জনের নামে ১০ টাকা কেজি দরের চালের কার্ড করেছেন। ঘটনাটি তদন্ত করে তথ্যপ্রমাণ পেয়ে তিনি ইউপি সদস্যসহ ঈশ্বরগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিরা হলেন ইউপি সদস্য মরতুজ আলী, তাঁর ছেলে জাহাঙ্গীর হোসেন ও আলমগীর হোসেন এবং আলমগীরের স্ত্রী মহুয়া আক্তার।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, মাইজবাগ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও কুমুরিয়ার চর গ্রামের মরতুজ আলী সচ্ছল ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি জনপ্রতিনিধির প্রভাব খাটিয়ে তাঁর পরিবারের ১০ সদস্যের নামে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চালের কার্ড করিয়ে নেন। ওই কার্ডধারী ব্যক্তিরা মরতুজ আলীর ছেলে, পুত্রবধূ, ভাই ও ভাতিজা। আসামিরা ছাড়া ওই পরিবারের কার্ডধারী বাকি ব্যক্তিরা হলেন ইউপি সদস্যের ভাই আবদুস ছাত্তার, ভাতিজা মানিক মিয়া ও ফারুক মিয়া। এ ছাড়া ঝরনা আক্তার, তানিয়া আক্তার ও কল্পনা আক্তার নামের তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মাইজবাগ ইউপির চেয়ারম্যান আনোয়ার পারভেজ বলেন, ‘আমার ইউনিয়নে প্রায় ২ হাজার ৬০০ কার্ড রয়েছে। তালিকা প্রণয়ন করেছেন ইউপি সদস্যরা। তালিকায় থাকা প্রত্যেকের নাম, পরিচয় ও পেশা যাচাই করা আমার একার পক্ষে সম্ভব নয়। ইউপি সদস্যরা যেভাবে তালিকা প্রণয়ন করেছেন, তাতে আমি প্রতিস্বাক্ষর করেছি।’
মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান।