কক্সবাজারের টেকনাফে ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বুধবার দিবাগত রাতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। দুজনকেই মাদক ব্যবসায়ী বলছে পুলিশ।
এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার পুলিশ যুবদলের এক নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে।
টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’: টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন হোসেন আহমদ (৩০)। তাঁর বাড়ি একই উপজেলার উত্তর আলীখালী গ্রামে।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদের ভাষ্য, মিয়ানমার থেকে নৌকায় করে ইয়াবার একটি বড় চালান টেকনাফে আসছে—এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি টহল দল গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে মিয়ানমার সীমান্তবর্তী আলীখালী গ্রামে অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে ছয়জন চোরাকারবারি বেড়িবাঁধের ওপর দিয়ে যাওয়ার সময় থামতে বললে তারা বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে চোরাকারবারিরা পাশের গ্রামে আত্মগোপন করে। পরে বিজিবির সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় হোসেন আহমদকে আটক করে। তাঁর কাছ থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। আহত হোসেন আহমদকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিজিবির এক সূত্র দাবি করে, বন্দুকযুদ্ধের ওই ঘটনায় বিজিবির সদস্য তারা মিয়া ও ছিদ্দিকুর রহমান আহত হন। তাঁদেরও টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র জানান, হোসেন আহমদ বাঁ পায়ে গুলিবিদ্ধ হন। প্রচুর রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। বিজিবির দুই সদস্য হাত ও পায়ে আঘাত পান।
পুলিশ জানায়, হোসেন আহমদের লাশ উদ্ধার করে গতকাল ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর নামে একটি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় বিজিবি টেকনাফ থানায় অজ্ঞাতনামা ছয় ব্যক্তির বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে।
হোসেন আহমদের দ্বিতীয় স্ত্রী ছমিরা আক্তার জানান, বুধবার রাতে তাঁর স্বামীকে কেউ একজন ফোন করে ডেকে নেয়। তিনি রাতে বেড়িবাঁধ এলাকায় গিয়েছিলেন। গভীর রাতে জানতে পারেন, ‘বন্দুকযুদ্ধে’ তাঁর স্বামী নিহত হয়েছেন।
ঈশ্বরগঞ্জে ‘বন্দুকযুদ্ধ’ পুলিশের সঙ্গে: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম ওরফে খোকন (৪৫) নিহত হন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আক্তারুজ্জামানের ভাষ্য, খবর পেয়ে তিনি একদল পুলিশ নিয়ে উপজেলার সোহাগী বাজারে যান। বাজারের জালাল উদ্দিনের চায়ের দোকান থেকে মাদক ব্যবসায়ী রফিকুলকে আটক করে নিয়ে আসার সময় রফিকুল কোমর থেকে পিস্তল বের করে পুলিশের ওপর গুলি চালান। বাজারে থাকা রফিকুলের সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করতে থাকে। এ সময় তিনি নিজের পিস্তল দিয়ে নয়টি গুলি ছোড়েন। একপর্যায়ে রফিকুল গুলিবিদ্ধ হন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসির দাবি, বন্দুকযুদ্ধে তিনিসহ চার পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি খালি ম্যাগাজিন ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। রফিকুলের নামে ঈশ্বরগঞ্জ থানায় মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগে ছয়টি মামলা রয়েছে।
রফিকুলের স্ত্রী রজনী আক্তারের প্রশ্ন, তাঁর স্বামী যদি প্রকৃতপক্ষে অপরাধী হয়, তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে পুলিশ কেন তাঁকে ঠান্ডা মাথায় খুন করল।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাজারের জালাল উদ্দিনের চায়ের দোকানের সামনের সড়কে একটি টেম্পো থামে। ওই টেম্পো থেকে কয়েকজন পুলিশ সদস্য নেমে রফিকুলকে খুঁজতে থাকেন। সেখানে থাকা রফিকুল এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিলে দুই পুলিশ সদস্য তাঁর দুই হাত ধরে চায়ের দোকানের ভেতরের দিকে যেতে থাকেন। এক পুলিশ সদস্য পিস্তল দিয়ে পেছন থেকে রফিকুলের পায়ে দুটি গুলি করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পুলিশ গুলি করার ভয় দেখায়। পরে পুলিশ রফিকুলকে ওই টেম্পোতে করে ঈশ্বরগঞ্জের দিকে নিয়ে যায়।
যুবদল নেতার গুলিবিদ্ধ লাশ: লক্ষ্মীপুর সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন ওরফে বাবলুর (২৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মাইন উদ্দিন একই ইউনিয়নের রাধাপুর গ্রামের আজগর আলীর ছেলে।
বৃহস্পতিবার রাতে মাইন উদ্দিনকে নিজ বাড়ি থেকে তিনজন অজ্ঞাত লোক ডেকে নিয়ে যায়। এরপর তিনি বাড়ি ফেরেননি। সকালে নেয়ামতপুর গ্রামের দোলাইখাল এলাকার একটি খালে তাঁর গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
বাংগাখাঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রায়হান অভিযোগ করেন, রাজনীতি করার কারণে তাঁকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে। পুলিশ জানায়, সন্ত্রাসীরা মাইন উদ্দিনকে গুলি করে হত্যার পর লাশ খালে ফেলে দেয়। কারা তাঁকে হত্যা করেছে, সেটা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার; ময়মনসিংহ অফিস; টেকনাফ প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ও লক্ষ্মীপুর প্রতিনিধি}