ঈশ্বরগঞ্জ পৌরসভার কর্মচারীদের ওপর হামলা, আহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইজিবাইক ও অটোরিকশার চালকদের হামলায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার ১১ কর্মচারী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌরশহরের কাঁচামাটিয়া সেতুর ওপর এ হামলার ঘটনা ঘটেছে।
আহত কয়েকজন কর্মচারী অভিযোগ করেন, পৌরসভার আইন অনুযায়ী নিবন্ধন করতে চাপ দেওয়ায় ইজিবাইক ও অটোরিকশার চালক ও সহকারীরা ক্ষিপ্ত হয়ে তাঁদের ওপর এ হামলা চালিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের শুরুতে ঈশ্বরগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের যানবাহনের নাম উল্লেখ করে নির্ধারিত তারিখের মধ্যে পৌরসভা থেকে নিবন্ধন করার আহ্বান জানায়। পৌরসভার লাইসেন্স শাখার সূত্রে জানা যায়, এ বিষয়টি ঘন ঘন প্রচার করা হলেও উল্লেখযোগ্যসংখ্যক যানবাহন নিবন্ধনের বাইরে রয়ে যায়। গতকাল বৃহস্পতিবার পৌরসভার কর্মচারীরা কাঁচামাটিয়া সেতুর ওপর দাঁড়িয়ে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক ও অন্যান্য যানবাহনকে ঘটনাস্থলেই নিবন্ধন করার কাজ শুরু করে।
পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক মো. এরশাদ ভূঁইয়া অভিযোগ করেন, দুপুর ১২টার দিকে তিনিসহ ১৫ জন কর্মচারী নিবন্ধনের কাজ করছিলেন। ওই সময় সেখানে উপস্থিত হন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু হানিফ। তিনি নিবন্ধন করতে বাধা প্রদানের পাশাপাশি কর্মরত পৌর কর্মচারীদের গালাগাল করেন। তাঁর উসকানি পেয়ে চালক ও শ্রমিকেরা পৌর কর্মচারীদের ওপর হামলা চালান। এতে ১১ জন আহত হয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান আবু হানিফ বলেন, তিনি কাউকে মারধর করতে বলেননি। তাঁর ইউনিয়ন পরিষদ থেকে যেসব যানবাহনকে নিবন্ধন দেওয়া হয়েছে, সেগুলোকে না আটকানোর জন্য তিনি পৌর কর্মচারীদের বলেছিলেন। এতে তাঁরা ক্ষিপ্ত হয়েছিলেন।
অভিযুক্ত অটোরিকশার চালক মো. হেলাল উদ্দিন বলেন, আগাম ঘোষণা ছাড়াই সড়কে চলাচলরত তাঁদের যানবাহনগুলো আটকানোর চেষ্টা করলে একজন চালক প্রতিবাদ করলে পৌর কর্মচারীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। পরে পৌরসভার কর্মচারীরা সেখান থেকে চলে যান।
এ ঘটনায় ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র মো. আবদুস ছাত্তার বলেন, দফায় দফায় প্রচার চালানোর পরও নিবন্ধন ছাড়াই পৌর এলাকায় যানবাহন চালানোর চেষ্টা করা হচ্ছে। নিবন্ধন করানোর জন্য চেষ্টা করলে পৌরসভার কর্মচারীদের মারধর করা হয়েছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান মেয়র।