ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলার ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে ঈশ্বরগঞ্জ পৌর শহরের একটি মোড় থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁদের গ্রেপ্তার করে। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
বুধবারের হামলার ঘটনায় ইউএনও তাহমিনা আক্তার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১১ জন ও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে অভিযুক্ত করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। ময়মনসিংহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুল ইসলাম দুই নেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় বঙ্গবন্ধুর ছবি সাঁটানো একটি বিলবোর্ড মাটিতে ফেলে দেওয়া হয়। এতে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা বঙ্গবন্ধুর ছবি অবমাননার অভিযোগ তুলে গত বুধবার ইউএনওর বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করে তাঁর অপসারণের দাবি জানান। উপজেলা প্রশাসনের চত্বরে সমাবেশ চলার সময় কিছু লোক ইউএনওর কার্যালয়ে হামলা চালায়।
ইউএনও তাহমিনা আক্তার দাবি করেন, বিলবোর্ডটিতে বঙ্গবন্ধুর ছবি ছিল না।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন জানান, তিনি বা তাঁদের কোনো কর্মী ইউএনওর কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত নন।