ঈশ্বরগঞ্জে ইউএনওর কার্যালয়ে হামলা ভাঙচুর, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গতকাল বুধবার দুপুরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ সময় ইউএনওকে বাঁচাতে গিয়ে ওই কার্যালয়ের পাঁচ কর্মচারী ও এক ইউপি চেয়ারম্যান আহত হয়েছেন।
মঙ্গলবার ঈশ্বরগঞ্জ পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় সড়কের পাশে থাকা বঙ্গবন্ধুর ছবি-সংবলিত একটি বিলবোর্ড তুলে ফেলার জের ধরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে ইউএনও তাহমিনা আক্তার বলেন, বিলবোর্ডটিতে বঙ্গবন্ধুর ছবি ছিল না। পরে ছবি লাগিয়ে একটি মহল তাঁকে হেয় করতে চাইছে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন অফিস সহকারী পলাশ, হেলাল উদ্দিন, আবুবক্কর সিদ্দিক, অনুপ কুমার শেঠ, রইছ উদ্দিন ও ইউপি চেয়ারম্যান মো. হারেছ উদ্দিন। খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানান, মঙ্গলবার অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় কর্মরত শ্রমিকেরা ভুলক্রমে সড়কের পাশে থাকা বঙ্গবন্ধুর ছবি-সংবলিত একটি বিলবোর্ড তুলে ফেলেন।
এ ঘটনায় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনওর অপসারণ দাবি করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জয়নুল আবেদীন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. রফিকুল ইসলামসহ কয়েক জন নেতা-কর্মী শহরে মিছিল করে এসে হামলা চালান।
পরে মিছিলকারীরা উপজেলা প্রশাসনের সামনে এসে সমাবেশ করার জন্য জড়ো হলে কিছু লোক দৌড়ে দোতলায় ইউএনও তাহমিনা আক্তারের কক্ষের দিকে ছুটে যান।
এ সময় ঈশ্বরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. হারেছ উদ্দিন, অফিস সহকারীসহ অন্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের মারধর করা হয়।
ইউপি চেয়ারম্যান মো. হারেছ উদ্দিন বলেন, তিনি সেখানে উপস্থিত না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জয়নুল আবেদীন বলেন, ‘ইউএনও বিলবোর্ডে থাকা বঙ্গবন্ধুর ছবিকে অবমাননা করে আমাদের চেতনায় আঘাত করেছেন। আমরা মিছিল করে ঘটনার প্রতিবাদ জানিয়েছি।
এ ঘটনায় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ইউএনওর কাছে গিয়ে ঘটনাটি জানতে চেয়েছেন। তবে আমাদের কোনো নেতা-কর্মী ইউএনও কার্যালয়ে হামলা করেননি।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।