ঈশ্বরগঞ্জে ইউপি সচিব লাঞ্ছিত জড়িতদের বিচার দাবি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলার মগটুলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবকে ওই ইউপির চেয়ারম্যান ও চারজন সদস্য লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে ইউপি সচিবদের সংগঠনের উদ্যোগে গতকাল রোববার মানববন্ধন করা হয়।
উপজেলা পরিষদের সামনে সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন করা হয়। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। কর্মসূচিতে ঈশ্বরগঞ্জ, গৌরীপুর ও নান্দাইল উপজেলার বিভিন্ন ইউপির সচিবেরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি চলার সময় মগটুলা ইউপি সচিব মো. আবদুল আউয়াল বলেন, গত বুধবার সকালে ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামান মামুন ও চারজন সদস্য মো. আসকর আলী, আবদুল মান্নান, সোলেমান মিয়া, আবদুর রহিম তাঁকে ইউপি ভবনে আটকে রাখেন। তাঁরা নির্যাতনের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে পাঁচটি খালি চেকে স্বাক্ষর নেন। চেকগুলো সোনালী ব্যাংকের ঈশ্বরগঞ্জ শাখার এলজিএসপি-২ প্রকল্পের ছিল। প্রকল্পের কাজ বাস্তবায়ন না করে টাকা তুলতে এ চেক তৈরি করা হয়েছে।
ইউপি সচিব অভিযোগ করেন, এ ঘটনায় তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকারের কাছে লিখিত অভিযোগ দেন। এলজিএসপির উপপরিচালক মো. নুরুল আমীনকেও ঘটনাটি জানান। এ ঘটনায় তিনি ওই দিন থানায় গিয়ে মামলা করতে চাইলে পুলিশ তাঁর এজাহার নেয়নি। পরদিন তাঁর এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।
এদিকে অভিযুক্ত ব্যক্তিদের কেউ গতকাল পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় বাপসা নেতারা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। বাপসার কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শয়ন চন্দ্র সরকার বলেন, সচিবদের দায়িত্ব হচ্ছে সরকারের স্বার্থ রক্ষা করা। এই দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতনের শিকার হলে বিষয়টি সরকারের দেখা উচিত। আরও বক্তব্য দেন বাপসার জেলা কমিটির সাধারণ সম্পাদক কবীর উদ্দিন।
ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামান মামুন বলেছেন, ইউপি সচিবকে নির্যাতন করে ব্যাংক চেকে স্বাক্ষর আদায়ের অভিযোগ সত্য নয়। এলজিএসপির প্রকল্প বাস্তবায়ন করেই সচিবের সাক্ষরের জন্য চেক পাঠানো হয়েছিল। সচিব আবদুল আউয়াল সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বাধা সৃষ্টি করছেন।
অভিযুক্ত ইউপি সদস্য মো. আসকর আলী বলেন, সচিব চেকে স্বাক্ষর না করে তাঁর সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন। এ সময় সামান্য ধাক্কাধাক্কি হয়। বাকিরা এলাকায় না থাকায় তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।