ঈশ্বরগঞ্জে কলেজছাত্রী অ্যাসিড-সন্ত্রাসের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কলেজছাত্রীকে (১৭) অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গতকাল রোববার থানায় মামলা হয়েছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই মেয়েটিকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করেন মো. শামীম (২১) নামের এক তরুণ। এতে মেয়েটির একটি চোখের পাতা ও কপাল পুড়ে যায়।
গত বৃহস্পতিবার রাতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার ওই কিশোরী ঈশ্বরগঞ্জ মহিলা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি জাটিয়া ইউনিয়নের হারিশ্বর গ্রামে। মেয়েটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রোববার বিকেলে হাসপাতালে গিয়ে দেখা যায়, মেয়েটি হাসপাতালের বারান্দার বিছানায় শুয়ে কাতরাচ্ছে।
মেয়েটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের আবদুছ ছালামের ছেলে শামীম দীর্ঘদিন ধরেই মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মেয়েটি তাতে সাড়া না দেওয়ায় শামীম তার ওপর ক্ষুব্ধ ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মেয়েটি নিজ ঘরে বসে পড়াশোনা করছিল। জানালায় শব্দ হলে মেয়েটি পরিবারের কেউ মনে করে একটি পাল্লা খুলে দিলে শামীম ও তাঁর কয়েকজন সহযোগী মিলে সিরিঞ্জ দিয়ে মেয়েটিকে লক্ষ্য করে অ্যাসিড ছোেড়ন। এতে তার বাঁ চোখের পাতা ও কপালের একটি পাশসহ শরীরের কয়েকটি স্থান দগ্ধ হয়। মেয়েটিকে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উন্নত চিকিৎসার জন্য পরে গত শুক্রবার রাতে ময়মনসিংহে নেওয়া হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শোভন হোড় বলেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মেয়েটি দাহ্য রাসায়নিক পদার্থে দগ্ধ হয়েছে। অ্যাসিডও দাহ্য রাসায়নিক।
গ্রামে খোঁজ নিয়ে জানা যায়, শামীম ও তাঁর পরিবারের সদস্যরা সবাই পলাতক।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বলেন, মেয়েটির বাবা বাদী হয়ে গত শনিবার থানায় অভিযোগ করলে প্রাথমিক তদন্তের পর গতকাল তা মামলা হিসেবে নেওয়া হয়। এতে শামীম, এনামুল হক ও আবদুছ ছালাম নামের তিন যুবককে আসামি করা হয়েছে।