ঈশ্বরগঞ্জে কৃষককে হত্যার অভিযোগ কুলাউড়ায় দুই বোনের লাশ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুকুর থেকে গত মঙ্গলবার আরিজা (১৮) ও ছকিনা (১৬) নামের দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা গৃহকর্মীর কাজ করতেন। এ ছাড়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কর্মা গ্রাম থেকে গতকাল বুধবার মো. হাসিম উদ্দিন (৫৫) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
ওই দুই বোনের পরিবার ও কুলাউড়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আরিজা ও ছকিনা কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের আদাখানি গ্রামের মৃত আছদ্দর মিয়ার মেয়ে। আরিজা কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের ওমানপ্রবাসী জয়নাল মিয়া এবং ছকিনা পাশের রাউতগাঁও ইউনিয়নে জয়নালের মেয়ের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। ছকিনা গত সোমবার জয়নালের মেয়ের সঙ্গে তাঁর (জয়নাল) বাড়িতে আসে। মঙ্গলবার বেলা দুইটার দিকে আরিজা ও ছকিনা একসঙ্গে বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যান। পরে আর তাঁরা ফেরেননি। আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তঁদের সন্ধান মেলেনি। ওই দিন রাত আটটার দিকে পুকুরে দুই বোনের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় রাতেই পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ভাটেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ মিয়া জানান, ওই দুই বোন সাঁতার জানতেন না বলে জানান জয়নালের পরিবারের লোকজন।
কুলাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
ঈশ্বরগঞ্জের কর্মা গ্রামের হাসিমের মেয়ে সেলিনা জানান, মঙ্গলবার রাতে তাঁর মা তহুরা খাতুন প্রকৃতির ডাকে বের হন। এ সময় হাসিমের শোয়ার ঘরের দরজা খোলা দেখতে পান তহুরা। ঘরে ঢুকে তখন হাসিমকে পাননি তহুরা। পরে বাড়ির সামনের একটি গাছের ডালে ফাঁস লাগানো অবস্থায় হাসিমের লাশ দেখতে পান তিনি।
তবে সেলিনার অভিযোগ, বাবার মৃত্যুর ঘটনার সঙ্গে তাঁর চাচাতো ভাই বাদল মিয়ার সংশ্লিষ্টতা রয়েছে। কারণ বাদল সম্প্রতি তাঁদের বসতঘরের বেড়া কুপিয়ে ক্ষতিগ্রস্ত করেছিলেন। বাড়ির চিহ্নিত সীমানায় জোর করে খুঁটি দেওয়ায় বাধা দিলে তাঁর বাবার সঙ্গে বাদলের ঝগড়া হয়। এ ঘটনার পর তাঁর বাবাকে হুমকি-ধমকি দেন বাদল। এরপর গতকাল সকালে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর বাদল পালিয়ে যাওয়ায় সেলিনার সন্দেহ আরও বেড়েছে।
এ ব্যাপারে বাদলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. বশিরুল আলম বলেন, সেলিনা তাঁর বাবার মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে থানায় অভিযোগ দিয়েছেন। হাসিমের মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।