ঈশ্বরগঞ্জে খাল দখল করে স্থাপনা নির্মাণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায়ের বাজার এলাকার পানি নিষ্কাশনের একটি পুরোনো খাল দখল করে অসংখ্য স্থায়ী স্থাপনা নির্মাণ করছে দখলদারেরা। দখল অব্যাহত থাকায় খালটি সংকুচিত হয়ে পড়ছে। তবে দখলদারদের দাবি, তাঁরা সরকারের কাছ থেকে খালের জায়গা ইজারা (লিজ) নিয়েছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, খালটির দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার। এই খাল দিয়ে একসময় নৌকা চলাচল করত। খালটির উত্তর-দক্ষিণে যোগাযোগের জন্য একটি সেতুও ছিল। দখলদারদের থাবায় সেতুটি নিশ্চিহ্ন হয়ে গেছে। খালের উত্তর পাড়ে রয়েছে একটি সড়ক। একসময় সড়কটি উঁচু ছিল। সেখান থেকে দখলদারেরা মাটি কেটে নিয়ে যাওয়ায় সড়কটি নিচু হয়ে গেছে। এ কারণে বর্ষাকালে সড়কের ওপর দিয়ে পানি আবাসিক এলাকায় ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ওই এলাকার বাসিন্দাদের ভোগান্তির শিকার হতে হয়।
নিজের বাড়ির সীমানাপ্রাচীর থেকে সরে এসে খালের ওপর টিনের বেড়া দিয়েছেন রায়ের বাজারের ব্যবসায়ী প্রবীর চন্দ্র বণিক। স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন খালের ওপর নির্মাণ করেছেন বহুতল ভবন। এ ছাড়া লক্ষ্মণ বণিক, সেন্টু বণিক, বুলবুল সরকার ও শাহজাহান ভূইয়া ওই খাল দখল করে দোকানপাট ও বাড়ি করেছেন। খাল দখল করে গড়ে তোলা হয়েছে রিকশাশ্রমিক লীগের কার্যালয়।
এ ব্যাপারে কথা বলতে নিজামের বাড়ি গিয়ে তাঁকে পাওয়া যায়নি। সেন্টুর দোকানে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তবে বুলবুল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমরা সরকারের কাছ থেকে ইজারা নিয়ে স্থাপনা করছি। আপনারা কেন মাথা ঘামাচ্ছেন?’
প্রবীর বণিক জানান, তিনি তিন শতক জমি বন্দোবস্ত নিয়েছেন। এখন ওই জায়গায় স্থাপনা নির্মাণ করবেন বলে জায়গাটি বেড়া দিয়েছেন। কাগজপত্র দেখতে চাইলে তিনি তা ছেলের কাছে আছে বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, খালটি দখলের বিষয়ে নিম্ন আয়ের লোকজন প্রতিবাদ করেছিলেন। কিন্তু প্রভাবশালীদের দাপটের কাছে সেই প্রতিবাদ কাজে আসেনি।
বাজারের ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম জানান, কিছুদিন আগে আগুন লেগে বাজারের অনেক দোকানপাট পুড়ে যায়। পানির অভাবে আগুন নেভাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। অথচ এ খালটিই বাজারের পানির একমাত্র উৎস। মো. সাইদুর রহমান (৬০) বলেন, ‘বাবা-দাদার মুখে শুনছি দুই পাশে খাল মাঝখানে ছিল বাজার। এখন খালের বাস্তব অবস্থা দেখলে কষ্ট পেতে হয়।’
আঠারবাড়ি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গলকুণ্ডা মৌজার ১৫৬ দাগে ১০ দশমিক ২২ একর, ১৩২ দাগে ৫৯ শতক, ৬৬ দাগে ২০ শতক, ৩৬৯ দাগে ৬৫ শতক, ৩৩৫ দাগে ১ দশমিক ৩৬ একর সরকারি জমি আছে। খালের জায়গা ইজারা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘খাল ইজারার কোনো তথ্য আমার কাছে নেই।’
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, সরকারি খাল ইজারা দেওয়ার কোনো বিধান নেই। খালটি উদ্ধারের চেষ্টা করা হবে।