ঈশ্বরগঞ্জে খুঁটির সঙ্গে বেঁধে শিশুকে নির্যাতন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের বাজারে গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোন চুরির অভিযোগে মো. ইয়াছিন (১৩) নামের এক শিশুকে বাঁশের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়েছে। পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে। ইয়াছিন গৌরীপুর উপজেলার গঙ্গাশ্রম গ্রামের আবদুল গনির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে উপজেলার বিলরাউল গ্রামের মিরাস উদ্দিন ঈশ্বরগঞ্জ পৌর বাজারের কলেজ রোডে একটি দোকানে চা পান করছিলেন। এ সময় তাঁর মুঠোফোনটি খোয়া যায়। পরে মুঠোফোন চুরির অভিযোগ এনে মিরাস উদ্দিন তাঁর সহযোগীদের নিয়ে শিশুটিকে পিঠমোড়া দিয়ে পৌর সদরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে একটি বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন করেন।
স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি ঈশ্বরগঞ্জ থানায় জানালে পুলিশ গিয়ে ইয়াছিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাংলাদেশ মানবাধিকার কমিশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সঞ্জীব কুমার সরকার বলেন, ‘একটি শিশুকে মোবাইল চুরির দায়ে এভাবে বাঁশের খুঁটিতে বেঁধে নির্যাতন করে মানবাধিকারের চরম লঙ্ঘন করা হয়েছে।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ শিশুটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নির্যাতনকারীরা পালিয়ে যায়।