ঈশ্বরগঞ্জে গভীর রাতে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ি দখল
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যান ও তাঁর লোকজন প্রতিপক্ষের ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বাড়ি দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে এই ঘটনা ঘটে। তবে দখলকারীরা ওই জমি নিজেদের বলে দাবি করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উচাখিলা বাজারে জমি নিয়ে উচাখিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খানের সঙ্গে একই বাজারের আবদুল লতিফ সরকার ও তাঁর তিন ভাইয়ের বিরোধ চলে আসছে।
এ নিয়ে ২০০৪ সাল থেকে আদালতে একটি মামলা রয়েছে। ১৯৬৯ সাল থেকে জমিটি আবদুল লতিফ সরকার ও তাঁর তিন ভাইয়ের দখলে আছে। ওই জমির সামনের অংশে ব্যবসাপ্রতিষ্ঠান আর পেছনে বসতবাড়ি।
আবদুল লতিফ সরকারের ছেলে আবদুল মুঈদ অভিযোগ করেন, ১৯৬৯ সাল থেকে তাঁর বাবা ও তিন চাচা ওই জমিতে বসবাস ও ব্যবসা করে আসছেন। আনোয়ারুল ইসলাম খানের লোকজন শনিবার রাতে অতর্কিত হামলা চালিয়ে তাঁদের তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িসহ ১৭ শতক জমি দখল করে নিয়েছেন।
তিনি আরও জানান, হামলার সময় তাঁর ছোট ভাই শাহাদাৎ একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে ঘুমাচ্ছিলেন। এই ঘটনার পর থেকে গতকাল রোববার পর্যন্ত তিনি নিখোঁজ আছেন। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। হামলা চলাকালীন আনোয়ারুল ইসলামের লোকজন তাঁদের দোকানের আসবাব ভাঙচুর ও মালামাল লুটপাট করেন।
আবদুল মুঈদ আরও অভিযোগ করেন, খবর পেয়ে রাতে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ উচাখিলা বাজারে গেলেও ঘটনাস্থলে যায়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হলেও পুলিশ তা গ্রহণ করেনি।
আনোয়ারুল খান দাবি করেন, ‘বিরোধপূর্ণ জমি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিস হয়েছে। সর্বশেষ গত ১৭ আগস্ট স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আমার প্রাপ্য জমি আমাকে দেওয়ার কথা বললে প্রতিপক্ষ সে সিদ্ধান্ত মেনে নেয়। শনিবার রাতে আমার লোকজন আমার প্রাপ্য আট শতক জমি দখলে নিয়েছে। শাহাদাতের নিখোঁজ হওয়ার ব্যাপারে আমি কিছুই জানি না।’ তিনি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। জমি দখলের ঘটনায় লিখিত অভিযোগ দিতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি-এ অভিযোগ ঠিক নয়। কারণ থানায় কেউ অভিযোগ দিতেই আসেনি।