ঈশ্বরগঞ্জে ছয়টি দোকানে ভাঙচুর, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজারে হামলা চালিয়ে ছয়টি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সরকারি রাস্তা দখল করে চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কয়েকটি গ্রামের বিক্ষুব্ধ লোকজন এ ঘটনা ঘটিয়েছেন।
সরেজমিনে জানা যায়, ঈশ্বরগঞ্জ-উচাখলা সড়কের মধুপুর বাজারের উত্তর দিকে অবস্থিত মো. শরিয়ত আলীর মালিকানাধীন একটি ঘর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। শরিয়তের ভাতিজা আল মামুন অভিযোগ করেন, মধুপুর এলাকার আবুল কাশেমের নেতৃত্বে সহস্রাধিক লোক হামলা চালিয়ে ওই ঘরের ছয়টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।
এ সময় বাধা দিতে গিয়ে শরিয়ত আলী (৭০), মারফত আলী (৭৫), নুরুল ইসলাম (৬০), আফজল হোসেন (৩৫), আয়নাল হক (৪০), জয়নুল আবেদিন আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
অভিযুক্ত আবুল কাশেম বলেন, ‘সরকারি হালটের (রাস্তার) জমির সঙ্গে আমার কেনা জমি মিলিয়ে দখল করে রেখেছেন শরিয়ত আলী। জমি উদ্ধারের জন্য এলাকার লোকজনের কাছে বিচার চেয়েছি। তাঁরা সালিস বসিয়ে জায়গা চিহ্নিত করেছেন। কিন্তু শরিয়ত আলী জমির দখল ছাড়েননি। বরং রাস্তা দখল করে প্রতিবন্ধকতা তৈরি করায় হাজারের বেশি লোক তাঁর অবৈধ দোকানপাট গুঁড়িয়ে দিয়েছেন। এখানে আমার কোনো ভূমিকা ছিল না। বরং এ ঘটনার জের ধরে আমার পক্ষের চারজনকে মারধর করে আহত করা হয়েছে।’
এলাকার চারজন প্রবীণ লোক জানান, বিতর্কিত স্থানটি সড়কের একটি মুখ। এর পশ্চিম পাশে রয়েছে বিশাল এলাকাজুড়ে ধানি জমি। ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়নের ধীতপুর এলাকা থেকে একটি সড়ক মধুপুর বাজারের চৌরাস্তার উত্তর দিক দিয়ে নান্দাইলের চরশ্রীরামপুর গ্রামের ধানি জমিতে গিয়ে মিলেছে। পাঁচটি গ্রামের কয়েক শ কৃষক ব্রহ্মপুত্র নদের চরে ফসল ফলিয়ে এ সড়ক দিয়ে বাড়ি নিয়ে যায়। মধুপুর বাজারের ছয়জন ব্যবসায়ী ও বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় এক বছর আগে এ এলাকার সাবেক ইউপি সদস্য শরিয়ত আলী সড়কের মুখে একটি বিশাল ঘর নির্মাণ করেন। পরে ওই ঘরে ছয়টি দোকান গড়ে তোলা হয়। এ কারণে সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় এলাকার কৃষকদের চরম দুর্ভোগে পড়তে হয়।
এ বিষয়ে শরিয়ত আলীর পক্ষে আল মামুন, সোহাগ মিয়া ও আহত জয়নুল আবেদিন দাবি করেন, তাঁরা জমিদারের কাছ থেকে কবুলিয়ত মূলে ওই জমির মালিকানা পেয়েছেন। সরকারি বা খাসজমিতে তাঁরা কোনো স্থাপনা বা দোকান তোলেননি। আবুল কাশেম তাঁর জমিটি দখল করতেই এ হামলা চালিয়েছেন।
মগটুলা ইউনিয়ন ভূমি কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, মধুপুর মৌজার ১২৭ দাগের জমিতে ওই সড়কটি অবস্থিত। এখানে জমির পরিমাণ ৪৬ শতক। ওই জমি সরকারি বলে ভূমি কার্যালয়ের কাগজপত্রে উল্লেখ রয়েছে। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান পিপিএম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।