ঈশ্বরগঞ্জে তিনজন ৫ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নাম উল্লেখ করে প্রচারপত্র সাঁটানোর ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আটক কিশোর ফাহিম ফয়সালসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার ময়মনসিংহ বিচারিক আদালতের হাকিম তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া বাকি দুজন হলেন আঠারোবাড়ি এলাকার মিজানুর রহমান ও নতুন বাজার এলাকার বদিউল হাসান। ঈশ্বরগঞ্জের একটি কলেজের দেয়ালে ‘মধ্যপ্রাচ্যের ডাক’ শিরোনামে প্রচারপত্র সাঁটানোর সময় গত শুক্রবার স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পুলিশ কিশোর ফাহিমকে আটক করে। সে আঠারোবাড়ি এমসি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় মিজানুর ও বদিউলসহ আরও আটজনকে।
পুলিশ জানায়, আটক বাকি ছয়জনকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা হলেন আঠারোবাড়ি এলাকার আবদুর রশিদ, ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের হায়দার আলী, নতুন বাজার এলাকার হেলাল উদ্দিন, জুনাইদ, মাসুদ মিয়া ও মজিবুর রহমান। তাঁরা ঈশ্বরগঞ্জ পৌর শহরের একটি দোকানে কম্পিউটারের মাধ্যমে ওই প্রচারপত্র তৈরি করেন। পুলিশ দুটি কম্পিউটার ও দুটি মুঠোফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।
ডিবি সূত্রে জানা যায়, আটক নয়জনকে জিজ্ঞাসাবাদের পর গত শনিবার রাতে ডিবির এসআই মফিজুল ইসলাম ওই তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।