ঈশ্বরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। চোখে টর্চলাইটের আলো ফেলা নিয়ে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গুইলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুর রাশিদ (৪৫)। তিনি উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দি গ্রামের ইমাম হোসেনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত রাশিদের চাচাতো ভাই জিয়াকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত আটটার দিকে গুইলাকান্দি গ্রামের পথ ধরে বাড়ি ফিরছিলেন আবদুল হেকিম (৬০)। এ সময় ওই বৃদ্ধের চোখে টর্চলাইটের আলো ফেলে পরিচয় জানতে চান একই গ্রামের মো. মোজাম্মেল হোসেন (৩০)। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হলে হেকিমকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন মোজাম্মেল।
গ্রামের চারজন বাসিন্দা বলেন, এ খবর পেয়ে হেকিমের পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে পাল্টা ব্যবস্থা নিতে যান। কিন্তু স্থানীয় লোকজন বাধা দেওয়ায় ঘটনাটি রাতের বেলা বেশি দূর এগোতে পারেনি। গতকাল সকালে হেকিমের অবস্থার অবনতি ঘটলে তাঁর পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় মোজাম্মেলের পক্ষের লোকজনও লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে হেকিমের দুই ভাতিজা রাশিদ ও জিয়া গুরুতর আহত হন। পরে দুজনকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রাশিদকে মৃত ঘোষণা করেন এবং জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে পরামর্শ দেন।
এ বিষয়ে চেষ্টা করেও মোজাম্মেলের পক্ষের লোকজনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।