ঈশ্বরগঞ্জে নারী ইউপি সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বড়হিত ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য সাবিকুন্নাহারকে অপর এক ইউপি সদস্য গত মঙ্গলবার লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার প্রতিবাদ করায় সাবিকুন্নাহারের স্বামীকেও ওই ইউপি সদস্যের লোকজন মারধর করেছেন বলে জানা গেছে।
সাবিকুন্নাহারের অভিযোগ, তিনি বড়হিত ইউপির ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন ভিজিএফ বিতরণ কমিটির সভাপতি। ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. খালেক নেওয়াজ নিজের পছন্দমাফিক দুস্থ ব্যক্তিদের নামের তালিকা তৈরি করে মঙ্গলবার ইউপি কার্যালয়ে তাঁর কাছে এসে তাতে সই করতে বলেন। ওই তালিকায় তাঁর তিনটি ওয়ার্ডের মাত্র ৫০ জন দুস্থ ব্যক্তিকে তালিকাভুক্ত করায় তাতে তিনি সই দিতে রাজি হননি। তিনি সংখ্যানুপাতে তালিকা করার দাবি তুললে খালেক নেওয়াজ ক্ষিপ্ত হয়ে তাঁকে গালিগালাজ শুরু করেন। তিনি ঘটনাটি মুঠোফোনে তাঁর স্বামী সাইফুলকে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিচার দেওয়ার জন্য উপজেলা সদরে যান। সেখান থেকে ফেরার পথে তাঁর স্বামীকে বেদম মারধর করেছেন খালেক নেওয়াজের লোকজন।
খালেক নেওয়াজ বলেন, দুস্থ ব্যক্তিদের তালিকায় সই করতে রাজি না হওয়ায় সাবিকুন্নাহারের সঙ্গে তাঁর তর্ক হয়েছে; তবে লাঞ্ছিত করেননি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নারী সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও)।
গত বুধবার পিআইও মো. আবদুস সোবহান বলেন, তিনি বড়হিত ইউপি কার্যালয়ে গিয়ে দুই পক্ষের বক্তব্য শুনে এর একটি প্রতিবেদন ইউএনওর কার্যালয়ে জমা দেবেন।