ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও পিটিয়ে হাসনা বেগম নামের এক নারীকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার এই ঘটনা ঘটে। এ সময় তাঁর মাকেও পিটিয়ে আহত করা হয়। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।
হামলায় নিহত হওয়া হাসনা বেগম (৩৫) মহেশপুর এলাকার মৃত আবদুল মোতালেবের মেয়ে। এই ঘটনায় তাঁর মা আনোয়ারা বেগমও (৬০) গুরুতর আহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেপ্তার হওয়া সাতজন হলেন মহেশপুর এলাকার হাদিস মিয়া, দুলাল মিয়া, সুরুজ মিয়া, আবদুর রশিদ, চান মিয়া, হুমায়ুন কবীর, আবুল হোসেন ও আরিফ মিয়া।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মহেশপুর এলাকার আবদুল মোতালেবের ছেলেদের সঙ্গে ৫০ শতক জমি নিয়ে একই এলাকার আবদুল কদ্দুছের মেয়ের জামাই মানিক মিয়ার বিরোধ চলছে। মানিক মিয়া প্রভাব খাটিয়ে ওই জমি জোরপূর্বক দখল করে রেখেছেন। নিজেদের জমি দখলমুক্ত করতে মোতালেবের ছেলে লোকমান হোসেন একাধিকবার চেষ্টা করেছেন। এ ব্যাপারে তাঁরা আদালতে মামলাও করেছেন।
এলাকার চারজন বাসিন্দা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় মানিকের পক্ষের লোকজন লোকমানের বাড়িতে অতর্কিত হামলা চালায়। ওই সময় লোকমানের বোন হাসনা বেগম এগিয়ে এলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও লাঠিপেটা করা হয়। মেয়েকে বাঁচাতে মা আনোয়ারা ছুটে এলে তিনিও তাঁদের হামলায় আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান হাসনা বেগম। ঘটনার পর থেকে মানিক পলাতক।
হামলা চালানোর অভিযোগের বিষয়ে কথা বলার জন্য মানিক মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁকে পাওয়া যায়নি।