ঈশ্বরগঞ্জে নারীর লাশ উদ্ধার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়না বেগম (২০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
স্থানীয় লোকজন জানান, সকালে আঠারবাড়ি ইউনিয়নের তেলোয়ারি এলাকার মধুপুর বন্দের জলাভূমিতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেন। নিহতের বড় বোন পারুল বেগম বলেন, ময়নাকে কেন্দুয়া উপজেলার রামপুর গ্রামে আবুল হোসেন নামের এক ব্যক্তির কাছে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু স্বামীর নির্যাতন সইতে না পেরে তিন মাস পর ময়না তাঁর (বোন) কাছে চলে আসেন।
নিহতের পারিবারিক একটি সূত্রে জানা যায়, এলাকার কিছু তরুণ ময়না বেগমকে উত্ত্যক্ত করত। কিন্তু তিনি এসবের পাত্তা দিতেন না। এ কারণে তাঁর প্রতি কয়েকজনের ক্ষোভ ছিল।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য দুজনকে আটক করা হয়েছে।
ময়না বেগম আঠারবাড়ি ইউনিয়নের গলগণ্ডা গ্রামের মৃত আবু সিদ্দিকের কন্যা। এলাকার লোকজন সূত্রে জানা যায়, তাঁর মা রোমেলা খাতুন ছিলেন আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য। ২০০৮ সালে রোমেলাকেও হত্যা করে লাশ কেন্দুয়ার গৈছা বিলে পুঁতে রাখা হয়েছিল। এ নিয়ে পরে মামলা হয়েছিল।