ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গতকাল শনিবার রফিকুল ইসলাম (৫০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চরপাড়া গ্রামের বাসিন্দা। তবে রফিকুলের পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল সোহাগী বাজারে ভাঙ্গারির ব্যবসা করতেন। গত শুক্রবার রাতে তিনি দোকান বন্ধ করার পর আর বাড়ি ফেরেননি। রাতেই তাঁর স্বজনেরা তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে শেষ রাতে বাড়ির পাশের একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
রফিকুলের পরিবারের সদস্যরা বলেন, ওই ব্যবসায়ীর সঙ্গে তাঁর আত্মীয় দুলাল মিয়ার ব্যবসায়িক বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে। ঈশ্বরগঞ্জ থানার ওসি বোরহান উদ্দিন বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।