ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রের চর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদের চর থেকে পুলিশ গতকাল বুধবার সোহরাব হোসেন নামে (৩০) এক ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের হাঁসের আলগী গ্রামের কাশেম আলীর ছেলে।
নিহতের বড় ভাই মো. শহিদুল ইসলাম বলেন, সোহরাব নরসিংদীর মাধবদী এলাকার একটি সুতা কারখানায় চাকরি করতেন। সেই চাকরি ছেড়ে দুই বছর ধরে মাধবদী সদরে মনিহারি ব্যবসা করার পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে সেখানে বসবাস করতেন। পাঁচ দিন আগে সোহরাব মাধবদী থেকে নিখোঁজ হন। গত শুক্রবার থেকে সোহরাবের ব্যবসাপ্রতিষ্ঠান তালাবদ্ধ দেখতে পেয়ে সেখানকার লোকজন সোহরাবের আত্মীয়দের কাছে তাঁর অবস্থানের খবর জানতে চান। কেউ কেউ দেশের বাড়ি ঈশ্বরগঞ্জে যোগাযোগ করেও সোহরাবের সন্ধান জানতে পারেননি।
গতকাল ঈশ্বরগঞ্জ উপজেলার লাটিয়ামারি চরের কিছুটা দূরে যদুয়ার চর এলাকার ব্রহ্মপুত্র নদের তীরে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবরটি ছড়িয়ে পড়লে সোহরাবের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি সোহরাবের বলে শনাক্ত করে।
ঘটনাস্থল পরিদর্শনে আসা ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আক্তারুজ্জামান বলেন, পরিবারের সদস্যদের ভাষ্য ও প্রাথমিক তদন্ত অনুযায়ী, সোহরাব মাধবদী এলাকায় ব্যবসা করার সুবাদে কয়েকজন মিলে একটি সমিতি করেছিলেন। সেই সমিতির অর্থ জমা ছিল তাঁর কাছে। ওই টাকার কারণে তার এ পরিণতি হতে পারে।