ঈশ্বরগঞ্জে মসজিদে ঢুকে মুয়াজ্জিনকে কুপিয়ে জখম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম মোস্তাফিজুর রহমান। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে সরিষা ইউনিয়নের খানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
গুরুতর আহত অবস্থায় মোস্তাফিজুরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, তাঁর বাড়ি দিনাজপুরের কাহারোলে, বাবার নাম আবদুল লতিফ। পরিবার নিয়ে মসজিদের পাশের একটি বাড়িতে থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খানপুর গ্রামে আহমদিয়া সম্প্রদায়ের একটি মসজিদ আছে। গতকাল এশারের আজান শেষে জামাতের প্রস্তুতি চলছিল। ওই সময় মুসল্লির ছদ্মবেশে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত মসজিদে ঢুকে মুয়াজ্জিন মোস্তাফিজুরকে কোপাতে শুরু করে। ঘটনার আকস্মিকতায় অন্য মুসল্লিরা আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। রক্তাক্ত অবস্থায় মসজিদের ভেতর মুয়াজ্জিনকে ফেলে রেখে পালানোর সময় গ্রামের লোকজন ধাওয়া করে হামলাকারীদের একজনকে ধরে ফেলে। এরপর গ্রামবাসী তাঁকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের জিম্মায় নেয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান, আটক ব্যক্তির নাম আবাদুল আহাদ। বাড়ি নেত্রকোনায়। তাঁকেও গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।