ঈশ্বরগঞ্জে মামলা তুলে নিতে হুমকি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক শিশুকে ধর্ষণের ঘটনায় হওয়া মামলার বাদীর পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য আসামি পক্ষের লোকজন হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির বাবা গত বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার হওয়া মেয়েটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। গত বুধবার রাতে ঘর থেকে বাইরে এলে প্রতিবেশী এক তরুণ মুখ চেপে ধরে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। তিন দিন পর গ্রামের মাতবরেরা সালিস করে ধর্ষণের ঘটনায় জড়িত তরুণকে ১০ হাজার টাকা জরিমানা ও চড়-থাপ্পড় মেরে ধর্ষণের ঘটনাটি মীমাংসা করেন। কিন্তু শিশুটির মা এই বিচার প্রত্যাখ্যান করে ওই তরুণের বিরুদ্ধে গত সোমবার ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ বিষয়ে গত মঙ্গলবার ‘ধর্ষণের ঘটনা মীমাংসার চেষ্টা, পাঁচ দিন পর মামলা’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।
শিশুটির বাবা বলেন, মামলা দায়েরের পর থেকে তাঁরা চাপের মুখে রয়েছেন। গত বুধবার রাত আটটার দিকে তাঁর মুঠোফোনে এক নারী নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ফোন করে মামলা তুলে নেওয়ার নির্দেশ দেন। তা না হলে খারাপ পরিণতি হবে বলে তিনি তাঁকে হুশিয়ারি দেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান বলেন, হুমকি দেওয়ার ঘটনার বিষয়ে থানায় জিডি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।