ঈশ্বরগঞ্জে যুবলীগের বিক্ষোভ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার আগে গত রোববার রাতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদে যুবলীগের নেতা-কর্মীরা ওই দিন রাতেই শহরে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান এবং পাঁচটি মোটরসাইকেল ও একটি দোকান ভাঙচুর করেন। গতকাল সোমবারও তাঁরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন।

উপজেলা যুবলীগ সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৪ সেপ্টেম্বর সম্মেলনে কাউন্সিলরদের ভোটাভুটির মাধ্যমে উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মো. শাফায়াত হোসেন ভূঁইয়া ও মো. আবদুস সালাম।

এদিকে উপজেলা যুবলীগের সদস্য মো. মতিউর রহমানকে আহ্বায়ক করে রোববার ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মতিউর দাবি করেন, তাঁদের কমিটিকে কেন্দ্রীয় যুবলীগের উচ্চপর্যায়ের নেতারা অনুমোদন দিয়েছেন। এই অনুমোদনের সঙ্গে সঙ্গে আগের কমিটি বিলুপ্ত হয়ে গেছে। 

তবে আবদুস সালাম জানান, উপজেলা যুবলীগের নির্বাচিত কমিটি ২০১৩ সালের ২৪ আগস্ট কেন্দ্রীয় যুবলীগের অনুমোদন লাভ করে। সেই হিসাবে তাঁদের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হয়নি। পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ শেষ না হলে কীভাবে আরেকটি কমিটি গঠন করা হলো? তিনি ওই কমিটিকে অবৈধ বলে উল্লেখ করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণার খবর জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার রাত সাড়ে আটটার দিকেশাফায়াত হোসেন ভূঁইয়ার নেতৃত্বে একটি মিছিল শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এসে বিক্ষোভ করে। এ সময় মোটরসাইকেল, দোকান ভাঙচুর ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নতুন কমিটির পক্ষের লোকজনও পাল্টা মিছিল বের করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ এসে তিনটি ফাঁকা গুলি ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সকাল সাড়ে ১০টাথেকে নতুন করে তাঁরা বিক্ষোভ করেন এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে তাঁরা সেখানে সমাবেশ করেন। 

সমাবেশেশাফায়াত বলেন, আহ্বায়ক কমিটি বাতিল করা না হলে কঠোর আন্দোলন শুরু করা হবে। তারই অংশ হিসেবে মঙ্গলবার (আজ) সকাল-সন্ধ্যা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন তিনি।

জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান পিপিএম বলেন, বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।