ঈশ্বরগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সাত বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার এক তরুণের (২৫) বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাবা।
পুলিশ গতকালই অসুস্থ শিশুকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। শিশুটি দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
এলাকার কয়েকজন বলেন, গত ৩০ মে দুপুরে প্রতিবেশী এক তরুণ শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। বাড়ি ফিরে দিনমজুর মা-বাবা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। হাসপাতালে কয়েক দিন কাটানোর পর গ্রামের একটি চক্র প্রতিকার ও উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে হাসপাতাল থেকে তাদের নিয়ে আসে। গ্রামে আসার পাঁচ দিন পরও তারা প্রতিকার পায়নি। লোকজনের পরামর্শে শিশুটির বাবা গতকাল রায়েরবাজার পুলিশ তদন্তকেন্দ্রে অভিযোগ করেন।
ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে।