ঈশ্বরগঞ্জে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজন গ্রেপ্তার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় হুমায়ুন আহমেদ ওরফে রাসেল (২৬) নামের এক তরুণকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গত সোমবার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গাজীপুরের বোর্ডবাজার এলাকার বাসিন্দা বাসচালকের সহকারী মো. রাকিব হোসেন (২১), ঢাকার দক্ষিণখান এলাকার বাসচালক বাবু হোসেন (২৫) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তফাজ্জল হোসেন (৫৫)।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি ইউনিয়নের দিঘলিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে হুমায়ুন চাকরির সাক্ষাৎকার দিতে ১৫ জানুয়ারি রাতে ঈশ্বরগঞ্জ থেকে বাসে করে ঢাকার উদ্দেশে বের হন। পরে ১৬ জানুয়ারি গাজীপুরের হোতাপাড়া এলাকার পুলিশ ফাঁড়ির কিছুটা দূরে তাঁর লাশ পাওয়া যায়। হুমায়ুনের মুঠোফোনের সূত্র ধরে প্রথমে রাকিবকে গ্রেপ্তার করা হয়। পরে রাকিবের কাছ থেকে ওই মুঠোফোন জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে রাকিব ফোনটি বাবুর কাছ থেকে কিনেছেন বলে জানালে পুলিশ তাঁকেও (বাবু) গ্রেপ্তার করে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, জিজ্ঞাসাবাদে বাবু জানিয়েছেন, ঈশ্বরগঞ্জ থেকে যে বাসে হুমায়ুন ঢাকা যাচ্ছিলেন, সেটির চালক ছিলেন তিনি। রাকিব ছিলেন ওই বাসের সহকারী। পরে তাঁদের দুজনকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তফাজ্জলকে গ্রেপ্তার করা হয়। তফাজ্জল অজ্ঞান পার্টির এক সদস্য বলে জানা গেছে। হুমায়ুনের হত্যাকাণ্ডের সঙ্গে ওই তিনজন জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম গতকাল বুধবার বেলা ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আরও জিজ্ঞাসাবাদের জন্য ওই তিনজনকে ময়মনসিংহের ডিবি কার্যালয় থেকে গাজীপুর সদর থানায় নিয়ে যাচ্ছেন।