ঈশ্বরগঞ্জে হামলায় আহত সাবেক শিক্ষকের মৃত্যু
জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে আহত অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক আবদুল মতিন মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।
আবদুল মতিনের (৭০) বাড়ি উপজেলার শর্শী গ্রামে। তিনি ছিলেন গৌরীপুর উপজেলার শিবপুর ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, মতিনের সঙ্গে একই গ্রামের তাঁর দূর সম্পর্কের ভাই মো. মাহতাব উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল। মতিনের প্রায় ৮০ শতক জমি মাহতাব ও তাঁর লোকজন জোর করে ভোগদখল করে আসছিলেন। ওই জমি দখলমুক্ত করার চেষ্টা করলে মাহতাব ও তাঁর পক্ষের লোকজন ক্ষুব্ধ হন। এর জেরে তাঁরা ১১ জানুয়ারি রামদা ও লাঠিসোঁটা নিয়ে মতিনের বাড়িতে হামলা করেন এবং তাঁকে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। তাঁকে বাঁচাতে গিয়ে তিন ছেলেও আহত হন। পরে অন্য স্বজনেরা তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
জানতে চাইলে আবদুল মতিনের ছেলে মো. সেলিম মিয়া বলেন, হামলায় আহত তাঁর তিন ভাই সুস্থ হলেও তাঁদের বাবা গতকাল সকালে মারা গেছেন।
বাড়িতে হামলা ও আহত করার ঘটনায় সেলিম বাদী হয়ে ১২ জানুয়ারি মাহতাবসহ ১০ জনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। আসামিরা সবাই জামিনে মুক্ত রয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য গতকাল দুপুর সাড়ে ১২টায় বাড়িতে গিয়ে মাহতাব উদ্দিনকে পাওয়া যায়নি। গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, আবদুল মতিনের মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছার পরপরই মাহতাব ও তাঁর লোকজন পলাতক রয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান বলেন, আগের দায়ের করা মামলায় আসামিরা জামিনে মুক্ত রয়েছেন। তবে এখন আহত ব্যক্তির মৃত্যু হওয়ায় ওই মামলায় হত্যাকাণ্ডের ধারা যুক্ত করার জন্য আদালতে আবেদন করা হবে।