ঈশ্বরগঞ্জে 'আইএসের সমর্থনে প্রচারপত্র' কিশোরসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নাম উল্লেখ করে কিছু প্রচারপত্র ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি কলেজের দেয়ালে সেঁটে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক কিশোরসহ চারজনকে আটক করেছে।
আটক কিশোরের নাম মো. ফাহিম আল ফয়সাল ইবনে মূসা বিন জুলকার নাইন। সে উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের ফতেনগর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। পড়াশোনা করে আঠারোবাড়ি এমসি উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে।
এলাকার লোকজনের সূত্রে জানা যায়, ফাহিম আইএসের নাম উল্লেখ করে কিছু প্রচারপত্র ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী স্কুল অ্যান্ড কলেজের দেয়ালে সেঁটে দেয়। কম্পিউটারে লেখা ওই প্রচারপত্রের শিরোনাম ছিল ‘মধ্যপ্রাচ্যের ডাক’। এতে কয়েকটি কবিতা ছিল, যাতে আইএস জঙ্গিদের গুণকীর্তন করা হয়েছে। বিষয়টি নজরে এলে ফাহিমকে আটক করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন কলেজের অধ্যক্ষ মো. হারুন-আল-রশিদ।