ঈশ্বরগঞ্জের ইউএনওকে হত্যার হুমকি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকারকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। তাঁর ফেসবুক ঠিকানার ইনবক্সে বড়হিত ইউনিয়ন ছাত্রশিবির নামের একটি ফেসবুক ঠিকানা থেকে এ হুমকি দেওয়া হয়।
গতকাল বুধবার দুপুরে মুঠোফোনে ইউএনও রাজীব কুমার সরকার বলেন, ‘বিষয়টি তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়েছেন। তাঁরা এখন বিষয়টি দেখছেন।’ তিনি বলেন, কাজের চাপে গত তিন দিন তিনি ফেসবুক খোলেননি। মঙ্গলবার রাতে ফেসবুক খোলার পর ইনবক্সে একটি বার্তা দেখতে পান। বড়হিত ইউনিয়ন ছাত্রশিবির ঠিকানা থেকে পাঠানো ওই বার্তায় তাঁকে গালি দেওয়া হয় এবং গুলি করে হত্যা করার হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান মুঠোফোনে বলেন, তিনি ছুটিতে রয়েছেন।
পরে ওই থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
তবে থানা-পুলিশের একটি সূত্র জানায়, পুলিশের একটি দল হুমকিদাতাকে চিহ্নিত করতে কাজ শুরু করেছে।