ঈশ্বরগঞ্জের এক ছাত্রী ফের অপহরণের শিকার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ছাত্রীকে (১৬) ফের অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। গত বুধবার উপজেলার মাইজবাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে। এর আগে গত ১৪ জানুয়ারি তাকে অপহরণ করা হয়েছিল।
এ ঘটনায় ওই ছাত্রীর নানি শুক্রবার নান্দাইল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ এখন ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং অভিযোগ তদন্ত করে দেখছে।
ওই ছাত্রীর নানি ও এলাকাবাসী জানান, ছাত্রীর মা-বাবা ঢাকায় চাকরি করেন এবং সেখানেই থাকেন। ওই ছাত্রী নানির বাড়িতে থেকে পড়াশোনা করে। চলতি বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ১৪ জানুয়ারি তাকে অপহরণ করা হয়। বাগেরহাটের মংলা থানার পুলিশের সহায়তায় সীমান্ত এলাকা থেকে ২৫ জানুয়ারি তাকে উদ্ধার করা হয়। ওই পথ দিয়ে তাকে ভারতে পাচারের চেষ্টা করা হয়েছিল।
ওই ঘটনার পর থেকে নানির বাড়ির লোকজন ওই ছাত্রীকে পাহারা দিয়ে রাখছিল। এই পরিস্থিতিতেই সে এসএসসি পরীক্ষায়ও অংশ নেয়। এর মধ্যে তার পরিবার ২৫ মার্চ তার বিয়ের দিন ধার্য করে। কিন্তু ২৩ মার্চ রাতে সে দ্বিতীয়বারের মতো অপহরণের শিকার হয়। প্রাকৃতিক কাজ সারতে বাড়ির পেছনে গেলে সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। মেয়েটির নানি এ ঘটনার জন্য প্রতিবেশী মো. সোহাগ মিয়াসহ (১৯) তিনজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. বশিরুল আলম বলেন, মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে কথা বলার জন্য সোহাগ মিয়ার মুঠোফোনে ফোন করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি সংযোগ কেটে দেন। পরে বারবার ফোন করা হলেও কেউ তা ধরেনি।