ঈশ্বরগঞ্জের চার ব্যক্তি ভারতের কারাগারে বন্দী
পাচারের শিকার হয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চার বাসিন্দা ভারতের কারাগারে বন্দী রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করলে আটক ব্যক্তিদের অবস্থান সম্পর্কে পরিবার জানতে পারে।
থানা সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা হচ্ছেন উপজেলার বড়হিত ইউনিয়নের নিচপুবাইল গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (৩২), মাইজবাগ ইউনিয়নের হারুয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে লাল মিয়া (২৫), জাটিয়া ইউনিয়নের বাঁশহাটি গ্রামের হোসেন আলী ফকিরের ছেলে মো. আবু সাইদ ফকির (৩২) ও পৌরসভার শিমরাইল মহল্লার মুরছাব আলীর ছেলে বিল্লাল হোসেন (৩৫)।
ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. বশিরুল আলম সাংবাদিকদের বলেন, কারাগারে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা খুবই গরিব। প্রায় এক বছরের বেশি সময় ধরে তাঁদের সঙ্গে পরিবারের যোগাযোগ নেই। পরিবারের লোকজন তাঁদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। ওই পুলিশ কর্মকর্তার ধারণা, কাজের প্রলোভন দেখিয়ে কোনো পাচারকারী চক্র ওই চার ব্যক্তিকে ভারতে নিয়ে যেতে পারে। এসআই বশিরুল আলম গতকাল শুক্রবার বলেন, ঠিকানা যাচাইয়ের পর এ-সংক্রান্ত প্রতিবেদন থানা থেকে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে পাঠানো হয়েছে।