ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে আলুবোঝই ট্রাকে আগুন
পাবনার ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের কোলেরকান্দিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পেট্রল ঢেলে আলুবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধ-সমর্থকেরা। ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
এতে ট্রাকের ইঞ্জিন পুড়ে গেছে। অবশ্য আলুর কোনো ক্ষতি হয়নি।
ঈশ্বরদী থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের ভাষ্যমতে, আলুবোঝাই ট্রাকটি বগুড়া থেকে ফরিদপুর যাচ্ছিল। রাত তিনটার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি অতিক্রম করার সময় চার-পাঁচজন পিকেটার ট্রাকটি থামিয়ে পেট্রলবোমা ছুড়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঈশ্বরদী শহর থেকে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভান।
ট্রাকচালক ওবায়দুর রহমান বলেন, মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে রাখায় তিনি সেখানে ট্রাক থামাতে বাধ্য হন।এ সময় অবরোধ-সমর্থকেরা পেট্রলবোমা ছুড়ে মারলে ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুনে ইঞ্জিন পুড়ে গেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, এ ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াত-শিবির জড়িত রয়েছে।তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।