ঈশ্বরদী পৌর বিএনপির নেতা হামলায় আহত
পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম আক্তারুজ্জামানকে মারধর করা হয়েছে। এ জন্য তিনি পৌর বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত জাকারিয়া পিন্টুকে দায়ী করেছেন। শহরের উপজেলা সড়কে গতকাল শনিবার এ হামলার ঘটনা ঘটে।
তবে জাকারিয়া পিন্টু বলেন, তিনি এখন ঈশ্বরদীতে নেই। অন্য কেউ এ ঘটনা ঘটিয়ে তাঁর ওপর দোষ চাপাচ্ছে।
আক্তারুজ্জামান (৬১) পৌর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বও পালন করছেন। হামলায় তাঁর দুই পা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আক্তারুজ্জামান বলেন, সকাল সোয়া ১০টার দিকে পিয়ারপুরের নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত রিকশায় চড়ে তিনি শহরের রেলগেটের দিকে যাচ্ছিলেন। গ্রিন জুয়েলস কিন্ডারগার্টেনের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দুই যুবক তাঁর রিকশার গতিরোধ করে ও তাঁকে রিকশা থেকে নামিয়ে ফেলে। এ সময় আশপাশ থেকে আরও পাঁচ-ছয়জন যুবক এসে তাঁকে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। নিজেকে রক্ষা করতে তিনি চিৎকার করেন ও সড়কের পাশে এক বাড়িতে আশ্রয় নেন। সেখানেও তাঁর ওপর হামলা চালায়। এ সময় বাড়ির মালিক এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আক্তারুজ্জামান আরও বলেন, হামলাকারীদের মধ্যে দুজনের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। বাকিদের একজনকে তিনি চিনতে পেরেছেন। হামলার সময় ওই যুবকেরা তাঁকে বলেছিল, ‘তুই পিন্টু ভাইকে বহিষ্কার করেছিস কেন?’।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ বলেন, লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।