ঈশ্বরদীতে অবৈধ তোরণ সরানোর খবর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় যুবলীগের কাউন্সিল ছয় দিন আগে হয়ে গেলেও সড়ক-মহাসড়কে অবৈধভাবে নির্মিত তোরণগুলো সরানো হচ্ছে না। নেতারা বলছেন, সামনেই ছাত্রলীগের সম্মেলন। সেই পর্যন্ত তোরণগুলো থাকবে; এলাকাবাসীকে একটু কষ্ট সহ্য করতে হবে।
দলীয় নেতা-কর্মী সূত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শহর ও আশপাশের বিভিন্ন সড়ক-মহাসড়কে নয়টি তোরণ নির্মাণ করা হয়।
গত মঙ্গল ও বুধবার সরেজমিনে দেখা যায়, ঈশ্বরদী শহরের রেলগেট, পোস্ট অফিস মোড়, আলোবাগ মোড় ও আলহাজ মোড়ে চারটি বড় তোরণ দাঁড়িয়ে আছে। শহরের বাইরে তিনটি সড়ক-মহাসড়কে আছে আরও পাঁচটি—মুলাডুলি থেকে দাশুড়িয়া মোড় পর্যন্ত তিনটি, পাকশীর রূপপুর মোড়ে একটি ও দিয়াড়বাঘইলে ঈশ্বরদী ইপিজেডের সামনে একটি। এ ছাড়া শহরের সব এলাকায় এখনো নেতা-কর্মীদের ব্যানার-ফেস্টুন-পোস্টার ঝুলছে। বৈদ্যুতিক খুঁটি, বিপণিবিতান, ট্রাফিক আইল্যান্ড, বিভিন্ন ভবনের দেয়াল ও গাছের ডাল কিছুই বাদ যায়নি।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের দুই পাশ ও মাঝখানে খুঁড়ে তোরণ নির্মাণ করা হয়েছে। এতে পথচারীদের চলাচলে যেমন অসুবিধা হচ্ছে, তেমনি যানবাহন চলাচলেও ঝুঁকি তৈরি হচ্ছে।
ঈশ্বরদী ইপিজেডের কর্মী আসমা খাতুন বলেন, তিনি ভটভটিতে করে কর্মস্থলে আসেন। ইপিজেডের রাস্তায় ঢুকতে গেলে প্রায়ই তোরণের সঙ্গে ভটভটি ধাক্কা খায়। এতে অনেকে ভটভটি থেকে পড়ে যান।
ঈশ্বরদী বাজারের একজন ব্যবসায়ী বলেন, শহরের সব সড়কে শুধু ব্যানার-ফেস্টুন, পোস্টার আর তোরণ। গাড়ি বা রিকশায় করে আসার সময় ভয় লাগে, কখন জানি দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী পৌর যুবলীগের নবনির্বাচিত সভাপতি আলাউদ্দিন বিপ্লব বলেন, সম্মেলনের কারণে নেতা-কর্মীরা উৎসাহী হয়ে এগুলো লাগিয়েছেন। যুবলীগের পক্ষ থেকে কিছু করা হয়নি। পথচারীদের অসুবিধার বিষয়ে তিনি বলেন, ‘জনগণের সাময়িক ভোগান্তির জন্য আমরা দুঃখিত। এগুলো আমরা খুলে ফেলতে চেয়েছি। তবে ১০ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন। তাই সেই পর্যন্ত একটু কষ্ট সহ্য করতে হবে।’
এদিকে সড়ক-মহাসড়কে ওই তোরণ নির্মাণ ও ব্যানার-ফেস্টুন লাগানোর জন্য পৌরসভা বা প্রশাসনের সংশ্লিষ্ট কারও অনুমতি নেওয়া হয়নি।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল মাহমুদ বলেন, অনুমতি না নিয়ে সড়ক-মহাসড়কে তোরণ নির্মাণ ও ব্যানার-ফেস্টুন লাগানো বেআইনি কাজ। পৌর এলাকার মধ্যে এগুলো করা হলে পৌরসভা সেটি সরানোর ব্যবস্থা নেবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের বলবেন।
ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক মালিথা প্রথম আলোকে বলেন, দলের সিদ্ধান্তে এগুলো লাগানো হয়নি। জনগণের চলাচলে অসুবিধা হয়—এমন কিছু করা উচিত নয়।