ঈশ্বরদীতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে র‌্যাব ও পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক অভিযানে শহরের পৌর এলাকা ও পাকশী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সদরুল আলম ওরফে পিন্টু (৩০) ও ছাত্রলীগ কর্মী রাফিকুল ইসলাম ওরফে রাফিক (৩৫)। র‌্যাব রাফিকুল ইসলাম রাফিকের কাছ থেকে ৩টি অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে। র‌্যাব-১২ পাবনা ক্যাম্প ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, শহরের পৌর এলাকার মৃত আবদুর রাজ্জাকের ছেলে রাফিকুল ইসলাম রাফিককে মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী শহর থেকে গ্রেপ্তার করে পাবনা র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। রাফিকের বিরুদ্ধে এ পর্যন্ত ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে। ক্যাম্পে জিজ্ঞাসাবাদের পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তাঁকে নিয়ে ঈশ্বরদীতে অভিযান চালিয়ে তাঁর হেফাজতে থাকা ২টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ৪টি ম্যাগাজিন ও ২০টি গুলি উদ্ধার করে র‍্যাব। আজ বুধবার তাঁকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হবে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) জহুরুল হক প্রথম আলোকে জানান, ১৮ মে শহরের কলেজ রোডে মুক্তিযোদ্ধা আজমল হক বিশ্বাস ও উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসের বাবা আতিয়ার রহমান বিশ্বাসের শহীদ আমিনপাড়ার বাড়িসহ শহরের দুটি দোকানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের আলোচিত তিনটি মামলার অন্যতম আসামি রাফিকুল ইসলাম রাফিক। এ ছাড়া রাফিকের বিরুদ্ধে যুবলীগ কর্মী আরিফুল ইসলাম ওরফে আলম হত্যা, নৌবাহিনীর সদস্য ও তাঁর পরিবারের লোকজনদের মারপিট, বাড়িঘরে হামলা-ভাঙচুর করাসহ পাঁচ থেকে ছয়টি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সদরুল আলম ওরফে পিন্টুও ১৮ মের আলোচিত তিন মামলার আসামি। মঙ্গলবার বিকেলে তাঁকে পাকশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার জানান, সদরুল আলম পিন্টুকে আজ বুধবার পাবনা আদালতে পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে। র‌্যাবের হাতে গ্রেপ্তার রাফিকুল ইসলাম রাফিককে এখনো থানায় আনা হয়নি। তাঁকে থানায় আনার পর পাবনা আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাস মুঠোফোনে জানান, রাফিকুল ইসলাম রাফিক পরিবর্তিত প্রেক্ষাপটে ক্ষমতার প্রভাব খাটিয়ে ছাত্রলীগের স্বঘোষিত সহসভাপতি হিসেবে পরিচয় দিতেন। তিনি ছাত্রলীগ কমিটির সদস্য নন।