ঈশ্বরদীতে আবার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে আবার মাদকের ব্যবসা শুরু করায় আবদুল্লাহ-আল মামুন (২৮) নামে এক ব্যবসায়ীকে গতকাল বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের রেললাইনের পশ্চিমটেংরী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, সাড়ার মাজদিয়া গ্রামের আবদুল্লাহ-আল মামুনের বিরুদ্ধে ১০টি মাদকের মামলা রয়েছে।
তিনি আরও বলেন, গত বছর এক বিশেষ সমাবেশে ঈশ্বরদীর মাঝদিয়া স্কুল মাঠে মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশের কাছে মুচলেকা ও অঙ্গীকার করার পরও মামুন আবার মাদক ব্যবসা শুরু করেন। এটা জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে রেলস্টেশনের পশ্চিম পাশে থেকে ইয়াবা বেচাকেনার সময় গ্রেপ্তার করা হয়। মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
গত বছরের ৩ অক্টোবর মামুনসহ ২৩ মাদক ব্যবসায়ী পুলিশের মাদকবিরোধী সমাবেশে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ঘোষণা দেন। পাবনার পুলিশ সুপার আলমগীর কবির সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
ওই পুলিশ সুপার গতকাল বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আবদুল্লাহ-আল মামুন নিজে উদ্বুদ্ধ না হয়ে চাপে পড়ে হয়তো সেদিন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। এ জন্য তিনি আবারও মাদক ব্যবসা শুরু করেছেন। তবে এঁদের বিরুদ্ধে নিয়মিত গ্রেপ্তারি অভিযান চলবে।