ঈশ্বরদীতে এএসআইয়ের হাত-পা ও চোখ বাঁধা লাশ
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুজাউল ইসলামকে (৩২) হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে পাকশী রেলওয়ে স্টেশনের কাছে খেতে থেকে তাঁর হাত, পা, মুখ ও চোখ বাঁধা এবং গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ও ঠোঁটে কাটা দাগ ছিল।
নিহত সুজাউল বগুড়া সদরের শেখপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, সুজাউল রোববার সন্ধ্যায় তাঁর পাকশীর বাসা থেকে পুলিশের পোশাক পরে বের হন। তিনি মোটরসাইকেলে করে ঈশ্বরদী ইপিজেড ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় যান। সন্ধ্যা পৌনে সাতটার দিকে সর্বশেষ সুজাউলের সঙ্গে এসআই রেজাউলের কথা হয়। এ সময় সুজাউল পাকশীর বিভিন্ন জায়গায় ডিউটিরত পুলিশ ঠিক আছে কি না, তা দেখতে যাওয়ার কথা বলেন। রাত নয়টার দিকে সুজাউলের মুঠোফোন বন্ধ পান রেজাউল। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সঙ্গে জানানো হয়। সারা রাত ঈশ্বরদী থানার পুলিশ সদস্যরা সুজাউলকে খুঁজে বের করার চেষ্টা করেন। বাসায় গিয়েও তাঁকে পাওয়া যায়নি। সকাল পৌনে সাতটার দিকে পাকশী রেললাইনের পাশে ইপিজেড সড়কের ধারে হলুদখেতে সুজাউলের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল্লাহ আল-মামুন, পাবনার পুলিশ সুপার আলমগীর কবির, বিশেষ পুলিশ সুপার রাজশাহী ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) শাহরিয়ার রহমান ও পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশের দাবি, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা হত্যার পর এএসআই সুজাউলের মোটরসাইকেল ও একটি মোবাইল নিয়ে গেছে। দুপুরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ পাবনার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, সুজাউল এক বছর আগে পাকশী পুলিশ ফাঁড়িতে বদলি হয়ে আসেন। তিনি স্ত্রী নাছিমা আক্তার ও সাত বছরের একমাত্র সন্তান শাহরিয়ার নাছিমকে নিয়ে পাকশীতে ভাড়া থাকতেন।