ঈশ্বরদীতে গরম ভাত না পেয়ে স্ত্রীকে পেটানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরম ভাত না পাওয়ায় স্বামীর লাথি, কিল-ঘুষি ও লাঠিপেটায় খাদিজা বেগম (২৫) নামের এক গৃহবধূ আহত হওয়ার অভিযোগ উঠেছে। তাঁকে ঘর থেকে বের করে দেওয়ারও অভিযোগ উঠেছে। পাবনার ঈশ্বরদীর সাহাপুর গ্রামে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ গতকালই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তিন বছর আগে খাদিজার সঙ্গে ঈশ্বরদীর সাহাপুর মসজিদ মোড় এলাকার আমজাদ সরকারের বিয়ে হয়। তিনি পেশায় রাজমিস্ত্রি। খাদিজা তখন ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। তাঁর বাড়ি পিরোজপুর সদর উপজেলায়। বিয়ের পর খাদিজাকে সাহাপুরে নিয়ে আসেন তাঁর স্বামী।

খাদিজা বলেন, শ্বশুরবাড়ি এসে তিনি জানতে পারেন আমজাদের আরও দুই স্ত্রী রয়েছে। আমজাদের অত্যাচার সহ্য করতে না পেরে তাঁরা অন্যত্র চলে গেছেন, বাড়িতে আসেন না। আমজাদ প্রায়ই নানা অজুহাতে তাঁকে লাঠিপেটা করেন। তাঁর ছয় বছরের একটি সন্তান রয়েছে। গতকাল ভোরে ঘুম থেকে উঠেই আমজাদ গরম ভাত খেতে চান। কিন্তু তাৎক্ষণিকভাবে গরম ভাত দিতে না পারায় আমজাদ ক্ষিপ্ত হয়ে তাঁকে গালাগালি দেন ও কিল-ঘুষি মারতে শুরু করেন। প্রতিবাদ করায় আরও ক্ষিপ্ত হয়ে আমজাদ ঘর থেকে বাঁশ এনে তাঁকে এলোপাতাড়ি পেটাতে থাকেন ও বলেন, ‘আজ থেকে তুই বাড়িতে থাকতে পারবি না, বাড়ি থেকে বের হয়ে যাবি।’ এরপর পেটাতে পেটাতে তাঁকে বাড়ি থেকে রাস্তায় বের করে দেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন।

 খাদিজা বলেন, পিটুনিতে তাঁর ডান পা অবশ হয়ে গেছে। ওই পায়ে ভর দিয়ে হাঁটতে পারছেন না। তাঁর সারা শরীর বাঁশের পিটুনি ও কিল-ঘুষির কারণে রক্তাক্ত হয়েছে। তাঁর কাছে ৫০০ টাকা ছিল। আমজাদ সে টাকাও ছিনিয়ে নিয়েছেন। টাকার অভাবে তিনি এখন চিকিৎসা করাতে পারছেন না। এ ঘটনায় তিনি আমজাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। থানায় আসার পর খাদিজার কান্না ও কষ্ট শুনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার ও জাতীয় দৈনিকের এক সাংবাদিক চিকিৎসার জন্য তাঁকে কিছু অর্থ সহযোগিতা করেন।

এ বিষয়ে আমজাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। বাড়িতে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি।

ওসি আব্দুল হাই তালুকদার গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আমজাদকে গ্রেপ্তারের জন্য এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। তাঁকে পাওয়া যায়নি।