ঈশ্বরদীতে গরু চুরির সময় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় গত শনিবার রাতে গরু চুরি করে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক ও তিনটি গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মনির হোসেনের ছেলে খলিল হোসেন (২৮) ও ফেরদৌস মিয়ার ছেলে পিন্টু (২৫) এবং ধুনট উপজেলার বথুয়াবাড়ি গ্রামের ছাইদুজ্জামানের ছেলে আশরাফুল (৩৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চোরেরা শনিবার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুরে চরমিরকামারি গ্রামের কৃষক হান্নান মণ্ডলের দুটি ও তাঁর প্রতিবেশীর একটি গরু চুরি করে। পরে তারা ওই তিনটি গরু বড় ত্রিপল দিয়ে ঢেকে ট্রাকে করে নিয়ে পালাচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে পাকশী লালন শাহ্ সেতুর মোড় থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস ওই ট্রাকের পিছু নেন। পরে তিনি তাদের মহাসড়কের ঈশ্বরদীর মুলাডুলি রেলগেটে এসে আটক করেন।
কৃষক হান্নান মণ্ডল জানান, কোরবানির ঈদের হাটে বিক্রির জন্য তিনি গরুগুলো লোহার শিকল দিয়ে গোয়ালঘরে বেঁধে রেখেছিলেন। কিন্তু চোরেরা ওই শিকল কেটে গরু চুরি করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে গতকাল রোববার থানায় একটি মামলা করেছেন।
ওসি বিমান কুমার দাস প্রথম আলোকে জানান, চোরেরা ঈদুল আজহা সামনে রেখে কৃষকের গরু চুরির জন্য কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে তৎপরতা চালাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। ওই তিনজন আন্তজেলা গরুচোর চক্রের সদস্য। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তারা গরু চুরি করে।